# নিজস্ব প্রতিবেদক :-
ডেঙ্গু জ্বরের ভয়াবহ বিস্তার এবং এডিস মশার জীবনচক্র ও বংশ বিস্তার রোধ বিষয়ে কিশোরগঞ্জে বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। ১৯ জুলাই বুধবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ মিলনায়তনে মেডিসিন বিভাগের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আতাউর রহমান। মূল প্রবন্ধে এডিস মশার ধরণ, বংশ বিস্তার, ডেঙ্গু জ্বরের প্রকারভেদ ও করণীয় বিষয়ে তিনি আলোচনা করেন। তিনি বলেন, ২০০০ সালে প্রথম ডেঙ্গুর প্রকোপ ধরা পড়ে। ২০১৯ সালে প্রথম বড় ধরনের সংক্রমণ হয়েছিল। চার ধরনের ডেঙ্গু, ডেঙ্গু-১, ডেঙ্গু-২, ডেঙ্গু-৩ ও ডেঙ্গু-৪ শনাক্ত হয়েছে। বাংলাদেশে ডেঙ্গু-২ বেশি দেখা যাচ্ছে। ২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। আর এবছর এখন পর্যন্ত মারা গেছে ১২৭ জন। কেবল জুলাই মাসেই মারা গেছে ৮০ জন! ডেঙ্গুর তিনটি পর্যায়ের মধ্যে ডেঙ্গু হেমোরেজিক হলো সবচেয়ে ভয়ানক ও জটিল পর্যায়। তিনি বলেন, কিশোরগঞ্জে স্থানীয় সংক্রমণ নেই বললেই চলে। ঢাকায় যারা বসবাস করেন, বা ঢাকায় বেড়াতে যান, তারাই মূলত ডেঙ্গুর জীবানু বহন করে কিশোরগঞ্জে এসে জ্বরে আক্রান্ত হন। তবে যারাই ডেঙ্গুতে আক্রান্ত হবেন, তাদের সুস্থ না হওয়া পর্যন্ত মশারির নীচে অবস্থান করতে হবে।
সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক জেলা স্বাচিপ সভাপতি ডা. দীন মোহাম্মদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হেলাল উদ্দিন, পৌর মেয়র মাহমুদ পারভেজ, ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম তারেক আনাম, জেলা বিএমএ সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদল প্রমুখ। সেমিনারে বিপুল সংখ্যক শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।