ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় করিমগঞ্জের জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় র্যাব চার দুর্বৃত্তকে রাজধানীর গুলিস্থান ও করিমগঞ্জ থেকে গ্রেফতার করেছে। লিগ্যাল এন্ড মিডিয়া উইং-এর বরাত দিয়ে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প একটি ই-মেইল বার্তায় এ তথ্য জানিয়েছে। গ্রেফতারকৃতরা হলো ঘটনার মূল হোতা করিমগঞ্জের আব্দুল খালেকের ছেলে আল আমিন ওরফে সোহেল ওরফে ভিআইপি রানা ওরফে প্রিন্স রানা (২২), জঙ্গলবাড়ির শহিদুল ইসলামের ছেলে সৌরভ মিয়া ওরফে বাবু (১৭), পার্শ্ববর্তী জাফরাবাদ মালিবাড়ি এলাকার মো. সুকনের ছেলে সোহান ওরফে হিরা (১৭) এবং সদর উপজেলার বৌলাই রঘুনন্দনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সীমান্ত (১৭)। সীমান্ত একই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
গত ১২ জুন জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে প্রাক নির্বাচনী ও দ্বিতীয় সামরিক পরীক্ষা চলাকালে বহিরাগত কিছু বখাটে বিদ্যালয়ের ২য় তলায় উঠে ছাত্রীদের ছবি তোলার চেষ্টা করে। এসময় স্কুলের কয়েকজন শিক্ষিকা স্কুল থেকে তাদের চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা তাদের দেখে নেওয়ার হুমকি দেয়। এদিন বিকালে স্কুলশেষে কয়েকজন শিক্ষিকা অটোরিকশায় বাড়ি ফেরার পথে পার্শ্ববর্তী তালিয়াপাড়া এলাকায় বখাটেরা অটোরিকশার গতিরোধ করে শিক্ষিকাদের শারীরিকভাবে লাঞ্ছিত, শ্লীলতাহানী ও অকথ্য ভাষায় গালাগাল করে। এ ঘটনায় বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি জানার পর র্যাব বখাটেদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে করিমরগঞ্জ ও রাজধানীর গুলিস্থান এলাকায় অভিযান চালিয়ে এজহার নামীয় উপরোক্ত চার আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেফতারকৃত সোহেল এলাকায় উঠতি বয়সী কিশোরদের নিয়ে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলে এবং নেতৃত্ব দিয়ে আসছে। সে তার এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের বেশ কিছুদিন ধরে উত্যক্ত করে আসছিল। এই চক্রের অন্য সদস্যারাও বিভিন্ন সময় ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করত এবং এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াত। সোহেল বিবাহিত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে স্কুলগামী ছাত্রীদের উত্যক্ত করত। কোন ছাত্রী প্রতিবাদ করলে তাদের এসিড নিক্ষেপের হুমকি দিত। শিক্ষিকাদের লাঞ্ছিত করার ঘটনায় তোলপাড় সৃষ্টি হলে দুর্বৃত্তরা গ্রেফতার এড়াতে আত্নগোপনে চলে যায়। প্রথমে তারা করিমগঞ্জের বিভিন্ন স্থানে আত্নগোপন করে। পরবর্তীতে সোহেল রাজধানীর গুলিস্থানে এক নিকটাত্মীয়ের বাসায় আত্নগোপন করে। র্যাব করিমগঞ্জ ও গুলিস্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে।