জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বালিকাদের সাইকেল প্রতিযোগিতা। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। আজ ১২ জুন রোববার সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ জন বালিকা ২০০ মিটার, ১০০০ মিটার এবং স্লো সাইকেল রেস প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মুজিবুর রহমান বেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিল্প বিপ্লব এবং যানবাহনের অধিক চাপের কারণে বর্তমান বিশে^র পরিবেশ হুমকির মুখে। আগামীতে সুন্দর পৃথিবী তৈরির জন্য বাহন হিসেবে সাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জেলা ক্রীড়া অফিসার বলেন, যে কোন বয়সে সাইকেল চালিয়ে শারীরিক ব্যায়াম করা সম্ভব। এছাড়া বিডি সাইক্লোহলিক কিশোরগঞ্জের মাধ্যমে প্রায় অর্ধশত বালিকা সাইকেল চালানো শিখেছে। আগ্রহী এই শিক্ষার্থীদের উৎসাহ দিতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া নতুন সাইকেল চালানো শিখতে আগ্রহীদের জন্য সাইকেলসহ প্রয়োজনীয় উপকরণ প্রদানের আশ^াস দেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলালও মেধাবী খেলোয়াড়দের সাইকেল উপহার দেয়ার ঘোষণা দেন। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলো বিডি সাইক্লোহলিক কিশোরগঞ্জ গ্রুপ।