কিশোরগঞ্জ জেলা টানা ৪৮ দিন ধরে করোনামুক্ত। মৃত্যু নেই ৯ মাস ধরে। প্রায় সাড়ে ৩৪ লাখ জেলাবাসীর মধ্যে টিকা পেয়েছেন ৭৭ ভাগ মানুষ। সর্বশেষ ১৭ এপ্রিল দু’জন রোগী সুস্থ হওয়ার মধ্যে দিয়ে জেলা করোনামুক্ত হয়। এর পর থেকে প্রতিদিনই নমুনা পরীক্ষা হচ্ছে। কিন্তু কোন নতুন রোগী শনাক্ত হয়নি। এছাড়া গতবছর ৮ সেপ্টেম্বর ভৈরবের একজন পুরুষ রোগী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সর্বশেষ মারা গিয়েছিলেন। এর পর থেকে কোন মৃত্যুর ঘটনাও নেই। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছিলেন মোট ১৪ হাজার ২৪৪ জন। এদের মধ্যে মারা গেছেন ২১৫ জন ।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের দেয়া তথ্যে জানা গেছে, ৩ জুন শুক্রবারও ১৫টি নমুনা পরীক্ষায় সবগুলোই নেগেটিভ হয়েছে। এদিন পর্যন্ত জেলায় মোট নমুনা সংগৃহীত হয়েছে এক লাখ ৪৪ হাজার ৯৭৫টি। রোগী শনাক্ত হয়েছে মোট ১৪ হাজার ২৪৪ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৯ জন, আর মারা গেছেন ২১৫ জন। জেলার ১৩ উপজেলার মধ্যে সর্বাধিক ৬ হাজার ৬৭ জন আক্রান্ত হয়েছিলেন সদরে, দ্বিতীয় সর্বোচ্চ ভৈরবে ২ হাজার ৮১৫ জন, তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছিলেন কটিয়াদীতে এক হাজার ৩১২ জন। সর্বনিম্ন ১৪০ জন আক্রান্ত হয়েছিলেন ইটনায়। আর মারা গেছেন সদর উপজেলায় ৭২ জন, ভৈরবে ৪৫ জন, কটিয়াদীতে ২০ জন, বাজিতপুরে ১৭ জন, পাকুন্দিয়ায় ১৫ জন, করিমগঞ্জে ১১ জন, কুলিয়ারচরে ১১ জন, হোসেনপুরে ৮ জন, নিকলীতে ৮ জন, তাড়াইলে ৫ জন, ইটনায় ২ জন আর মিঠামইনে একজন। কেবল অষ্টগ্রাম উপজেলা মৃত্যুশূন্য রয়েছে।
জেলায় মোট জনসংখ্যা ৩৪ লাখ ৪৪ হাজার ১৬২ জন। শুক্রবার পর্যন্ত টিকা নিয়েছেন মোট ২৬ লাখ ৬৩ হাজার ৬৮৬ জন, যা মোট জনসংখ্যার ৭৭ ভাগ। এদের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২৫ লাখ ৩৩ হাজার ৬৯৯ জন, অর্থাৎ শতকরা ৭৪ ভাগ। আর বুস্টার ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৩ হাজার ৭৯ জন, অর্থাৎ শতকরা ৮ ভাগ।