ডায়াবেটিস, হেপাটাইটিস, কিডনী রোগ, ক্যান্সার ও অন্যান্য দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ বিষয়ে কিশোরগঞ্জে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে কর্মশালা হয়েছে। কর্মশালায় পুরুষদের ১০টি আর নারীদের ১০টি ক্যান্সারের কথা উল্লেখ করা হয়েছে। আজ ২ এপ্রিল শনিবার দুপুরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাহমুদ পারভেজ। কর্মশালায় উল্লেখিত রোগ সৃষ্টির কারণ, উপসর্গ এবং প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে স্লাইড প্রদর্শন করেন কর্মশালার রিসোর্স পার্সন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মো. মাহবুবুর রহমান।
কর্মশালায় খাদ্যাভ্যাস, অনিরাপদ খাদ্য, কায়িক শ্রম না করাসহ নানা কারণে এ ধরনের রোগ হতে পারে বলে ধারণা দেয়া হয়। কর্মশালায় বলা হয়, অনেক রোগের তাৎক্ষণিক ব্যথা অনুভব হওয়াসহ নানা রকম উপসর্গ ধরা পড়ে। কিন্তু কারও শরীরে ক্যান্সার বাসা বাঁধলে অনেক সময় ৮ বছর ১০ বছর পর ব্যথা হতে থাকে। তখন পরীক্ষায় ক্যান্সার ধরা পললেও হয়ত ক্যান্সারটি ততক্ষণে অন্তিম পর্যায়ে চলে যায়। ফলে চিকিৎসা করিয়েও সুফল পাওয়া অনিশ্চিত হয়ে দাঁড়ায়। তবে মেয়েদের জরায়ু ক্যান্সার এবং স্তন ক্যান্সার নিশ্চিত হওয়ার জন্য মাঝে মাঝে পরীক্ষার সুযোগ রয়েছে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এর নিরাময়ও সম্ভব বলে কর্মশালায় জানানো হয়। এছাড়া হেপাটাইটিসের যেমন ভ্যাকসিন রয়েছে, সম্প্রতি এসব ক্যান্সারেরও ভ্যাকসিন বেরিয়েছে। সরকার বিনামূল্যে এসব ভ্যাকসিন প্রদান করবে বলে জানানো হয়।
মেয়েদের অল্প বয়স বা খুব বেশি বয়সে বিয়ে হওয়া এবং ঘন ঘন সন্তান হওয়াকে জরায়ু ক্যান্সারের অন্যতম কারণ বলে কর্মশালায় জানানো হয়। আবার প্রসূতি মায়েরা সন্তানকে বুকের দুধ না খাওয়ালে এর ফলে স্তন ক্যান্সার হতে পারে বলেও জানানো হয়। কর্মশালায় সবাইকে কাঁচা লবন না খাওয়া, ধুমপান না করা, ওজন নিয়ন্ত্রণে রাখা, চর্বি জাতীয় খাবার পরিহার করা, নিয়মিত ব্যায়াম করা বা হাঁটার জন্য পরামর্শ দেয়া হয়। সেই সঙ্গে নিরাপদ খাদ্য গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এসব রোগে করণীয় এবং চিকিৎসা বিষয়েও ধারণা দেয়া হয়। এছাড়াও লিভার ক্যান্সার, কিডনি জটিলতাসহ অন্যান্য রোগ বিষয়েও ধারণা এবং পরামর্শ দেয়া হয়।