কিশোরগঞ্জে একদিনে নতুন ১৫ জনের করোনা ধরা পড়েছে। প্রায় চারমাস পর একদিনে নতুন শনাক্ত ডাবল ডিজিটে উঠে গেল। এর আগে সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর ১২ জনের করোনা ধরা পড়েছিল। পরের দিনগুলোতে কোনদিন সিঙ্গেল ডিজিট, আবার কোনদিন কোন রোগিই শনাক্ত হয়নি। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের গতকাল ১৩ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ২৯১টি নমুনা পরীক্ষায় সদরে ৯ জন, ভৈরব ও অষ্টগ্রামে দু’জন করে, আর পাকুন্দিয়া ও কুলিয়ারচরে একজন করে নতুন রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা দু’জনের নমুনা এবং পুরনো দুই রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। ফলে নেগেটিভ হয়েছে ২৭১টি নমুনা। বৃহস্পতিবার রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন ৪০ জন।