করোনা জয়ের দ্বারপ্রান্তে কিশোরগঞ্জ জেলা। এক সময় একদিনে জেলায় চিকিৎসাধীন করোনা রোগি ছিলেন ৩ হাজার ২৮৪ জন। আর আজ ২৬ ডিসেম্বর সোমবার জেলায় চিকিৎসাধীন আছেন মাত্র ৩ জন। এরা সবাই বাজিতপুরের। এ পর্যন্ত জেলায় মোট ২১৫ জনের মৃত্যু হলেও এদের মধ্যে সর্বশেষ রোগিটির মৃত্যু হয়েছিল গত ৯ সেপ্টেম্বর। এরপর প্রায় সাড়ে তিন মাসে আর কোন মৃত্যুর ঘটনা নেই।
কিশোরগঞ্জে প্রথম একজন করিমগঞ্জের পুরুষ রোগি মরা গিয়েছিলেন গতবছর ৫ এপ্রিল। তিনি ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছিলেন। এরপর নতুন নতুন আক্রান্ত হতে হতে গতবছর ১৬ আগস্ট একদিনে চিকিৎসাধীন রোগির সংখ্যা উঠেছিল সর্বোচ্চ ২৫৪ জনে। এরপর আবার সংক্রমণ কমতে কমতে এবছর ১৩ ফেব্রুয়ারি একদিনে জেলায় চিকিৎসাধীন রোগির সংখ্যা দাঁড়ায় মাত্র ৭ জনে। এবছর ৭ ফেব্রুয়ারি থেকে করোনার টিকা দেয়া শুরু হয়। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ শুরু হবার পর আবার লাফিয়ে লাফিয়ে রোগির সংখ্যা বাড়তে থাকে। বাড়তে বাড়তে এবছর ১৫ আগস্ট একদিনে জেলায় চিকিৎসাধীন রোগির সংখ্যা দাঁড়ায় সর্বোচ্চ ৩ হাজার ২৮৪ জনে। এতে একটি বিষয় বোঝা গেছে, আগস্টের মাঝামাঝি সময়ে এখানে করোনা সংক্রমণ তুঙ্গে ওঠে। এরপর থেকে আবার সংক্রমণ কমতে শুরু করে। আজ কেবল বাজিতপুরের ৩ জন চিকিৎসাধীন আছেন। বাকি ১২ উপজেলাই এখন করোনামুক্ত।
তবে গতবছর ২৬ ডিসেম্বর জেলায় একদিনে চিকিৎসাধীন ছিলেন ৬৬ জন। আর এবার ২৬ ডিসেম্বর চিকিৎসাধীন আছেন মাত্র ৩ জন। এতে ধারণা করা হচ্ছে, করোনার টিকা নেবার ফলে গতবছরের তুলনায এবার একই সময়ে রোগির সংখ্যা এত কম। জেলার ১৩ লাখ ৬০৮ জন মানুষকে কোভিশিল্ড, সিনোফার্ম ও ফাইজারের টিকার আওতায় আনা হয়েছে। করোনা সংক্রমণের শুরু থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত জেলার ১৩ উপজেলায় নমুনা সংগ্রহ করা হয় এক লাখ ১৬ হাজার ১৯৭টি। এর মধ্যে পজিটিভ হয় ১২ হাজার ৩টি। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৭৮৫ জন। তবে এখনও প্রতিদিন দুইশ’ থেকে তিনশ’ নমুনা সংগ্রহ করা হচ্ছে। কিন্তু অধিকাংশ দিনই শনাক্তের কোটা শূন্য থাকছে। টিকার পাশাপাশি জেলার স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী দুই বছর অক্লান্ত পরিশ্রম করে করোনা ঠেকানোর চেষ্টা করে গেছে। অত্যন্ত সফলভাবে এ জেলায় করোনা মোকাবেলা করা সম্ভব হয়েছে।