কিশোরগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হয়েছে গত ১৯ ডিসেম্বর থেকে। প্রতিদিনই বিভিন্ন উপজেলার কোন না কোন ইউনিয়নে পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের কর্মিরা গিয়ে সেবা ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে নারী ও পুরুষদের স্থায়ী-অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণসহ নানা রকম প্রজনন সেবা দিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে সদর উপজেলার ১১টি ইউনিয়নেও সেবা ও প্রচার কার্যক্রম অব্যাহত আছে। গতকাল ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সদর উপজেলায় ৫ হাজার ১৩৬ জনকে এই সেবা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার যশোদল ইউনিয়নের দামপাটুলী এলাকার আশ্রয়ণ প্রকল্প এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ২২টি পরিবারসহ আশপাশের জনগণের মাঝে এই সেবা প্রদান করা হয়। এদিন প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুমা খাতুন সফ্টির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এসএম খাইরুল আমিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক সফিউল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. হোসনা বেগম, সদর উপজেলার দুই ভাইসচেয়ারম্যান আব্দুস সাত্তার ও মাছুমা আক্তার, যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, মেডিক্যাল অফিসার ডা. হালিমা আক্তার, পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক জাহেদুল আলম প্রমুখ। আলোচনা শেষে সেবা ক্যাম্পে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে এলাকার শত শত নারী-পুরুষ বিনামূল্যে ওষুধসহ নানা রকম প্রজনন সেবা নিয়েছেন।