করোনার অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জ। আজ এ যাবতকালের সর্বাধিক ২৯০ জন নতুন রোগি শনাক্ত হয়েছে। প্রতিদিন চিকিৎসাধীন রোগির সংখ্যায় যোগ হচ্ছে শতক। আর আজ ১ আগস্ট রোববার এক লাফে চিকিৎসাধীন রোগি যোগ হয়েছে আরও দুই শতক। মারা গেছেন ৫ জন। আর সুস্থ হয়েছেন ৯৩ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কর্তৃক প্রকাশিত গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, সৈয়দ নজরুল হাসপাতালে সদরের ৪০ বছরের এক নারী আর ৬৫ ও ৫০ বছরের দুই পুরুষ, কটিয়াদীর ৬৫ বছরের এবং পাকুন্দিয়ার ৫০ বছরের দুই নারী মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু ১৫৯। এ ছাড়া ৮৬২টি নমুনা পরীক্ষায় নতুন ২৯০টি, পুরনো রোগিদের ১১টি এবং অন্য জেলায় আক্রান্ত রোগিদের ৭টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৫৫৪টি নমুনা। আক্রান্তদের মধ্যে আছেন ভৈরবে ১০২ জন, সদরে ৭৪ জন, কটিয়াদীতে ৩৪ জন, বাজিতপুরে ২৪ জন, হোসেনপুরে ২০ জন, কুলিয়ারচরে ১০ জন, করিমগঞ্জে ৮ জন, অষ্টগ্রামে ৬ জন, মিঠামইনে ৫ জন, তাড়াইল ও পাকুন্দিয়ায় ৩ জন করে, আর ইটনায় ১ জন। সুস্থ হয়েছেন সদরে ৬৫ জন, বাজিতপুরে ২৬ জন, আর কুলিয়ারচরে ২ জন। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ২ হাজার ৫৬৮ জন। গতকাল ছিলেন ২ হাজার ৩৭৬ জন। পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোগির সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।