করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কিশোরগঞ্জে পুলিশ বিভাগের পক্ষ থেকে সচেতনতা ক্যাম্পেইন, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত রয়েছে। আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে শহরের জেনারেল হাসপাতাল সংলগ্ন বটতলা এলাকায় সদর মডেল থাানার উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ছাড়াও বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশ সুপার করোনার ভয়াবহতার চিত্র তুলে ধরে সবইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি প্রত্যেককে মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন। অন্যথায় দ্বিতীয় ঢেউ মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। আর তখন কেবল মৃত্যুর সংখ্যা বাড়বে তা নয়, জীবন জীবিকাও অচল হয়ে পড়বে। গোটা দেশ একটি বিপর্যয়ের মধ্যে পড়বে। কাজেই সবাইকে স্বাস্থ্যবিধি মেন চলার জন্য তিনি আহবান জানিয়েছেন। শেষে উপস্থিত জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।