কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশকে বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নিয়ে সরকার অগ্রসর হচ্ছে। আর তখন আজকের প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিশুরাই দেশ ও সরকারে নেতৃত্ব দেবে। কাজেই তাদেরকে সেই যোগ্যতা দিয়ে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। করোনা পরিস্থিতিতে কিশোরগঞ্জ সদর উপজেলার অনলাইন প্রাথমিক বিদ্যালয়ের ৬ মাস পূর্তি উপলক্ষে শিক্ষকদের মাঝে সম্মাননা স্মারক হিসেবে উত্তরীয় ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করতে গিয়ে তিনি একথা বলেন। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা কমপ্লেক্সের সৈয়দ আশরাফুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক। এসময় সদর উপজেলার দুই ভাইস-চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার ও মাছুমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক খান প্রমুখ।
জেলা প্রশাসক তার বক্তৃতার শুরুতে বিশ্ব ফুটবলের কিংবদন্তী দিয়েগো আরমান্ডো ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করে তার যাদুকরি ফুটবল শৈলির উচ্ছসিত প্রশংসা করেছেন। তিনি আরো বলেন, শিক্ষকদের অনলাইন ক্লাশগুলো মাঝে মাঝে তিনি পর্যবেক্ষণ করেছেন। শিক্ষকদের সবাই অত্যন্ত সাবলীল ভাষায় মানসম্পন্ন পাঠদান করছেন বলে তার মনে হয়েছে। শিশুদের যা শেখানো যায়, তারা তাই শেখে। কাজেই অত্যন্ত যত্ন সহকারে তাদেরকে পাঠদান করতে হবে। তবে অরিচেই করোনার ভ্যাকসিন আসলে হয়ত বিপদ কেটে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এর আগ পর্যন্ত সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদেরকেও এ ব্যাপারে শিক্ষা দেয়ার জন্য তিনি শিক্ষক ও অভিভাবকদের আহবান জানিয়েছেন। তিনি কিশোরগঞ্জকে স্কাউট জেলা হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা এগিয়ে যাচ্ছে বলেও জানান। তিনি জন্মের ৪৫ দিনের মধ্যে প্রত্যেক শিশুর জন্ম নিবন্ধন করানোর জন্য সবাইকে আহবান জানিয়ে বলেন, টিকাদান কর্মসূচী থেকে শুরু করে বিদ্যালয় থেকে ঝরে পড়াসহ আগামীতে অনেকগুলো বিষয়ে অনলাইনে তদারকি করা হবে জন্ম নিবন্ধনের ওপর ভিত্তি করে।
আলোচনা শেষে অনলাইনে ক্লাশ নেয়া শিক্ষদের একটি করে উত্তরীয় পরিয়ে দেয়া হয় এবং একটি করে সনদ প্রদান করা হয়। এছাড়া কিশোরগঞ্জ ক্যাবল নেটওয়ার্ক (কেসিএন) অনলাইন পাঠদানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা রাখছে। তারা দৈনিক ২ ঘণ্টা তাদের চ্যানেলে জেলার ৬টি উপজেলায় অনলাইন ক্লাশ কার্যক্রম প্রচার করছে। ফলে এই ক্যাবল অপারেটরের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. মাহফুজুর রহমান শোয়েবকেও উত্তরীয় পরিয়ে সনদ প্রদান করে কেসিএন-এর প্রতি সম্মাননা জানানো হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।