ভৈরবে করোনা প্রতিরোধে শিশু ও মহিলাদের মাঝে মাস্ক বিতরণ ও তাদের সাথে উঠান বৈঠক করেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। আজ ২৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ মাঠে গ্রামের মহিলাদের নিয়ে উঠান বৈঠক শেষে শিশু ও মহিলাদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক মিয়ার সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসনিম, আমার বাড়ি আমার খামার সমন্বয়ক ও জাইকার অফিসার দুর্গা রানী সাহা প্রমুখ।
উঠান বৈঠকে মহিলাদের উদ্দেশ্যে নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, করোনা মোকাবেলায় একটি পরিবারের মহিলারাই স্বাস্থ্য সচেতনতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। নিয়মিত মাস্ক পরিধানেই করোনা মোকাবেলা সম্ভব। সরকারি নির্দেশনা অনুযায়ী নো মাস্ক নো সার্ভিস চালু থাকলে মাস্ক ছাড়া কেউ সেবা পাবে না। আর মাস্ক পরলেই করোনা মোকাবেলা করা সম্ভব। এ সময় তিনি বলেন, সরকার বিভিন্নভাবে হতদরিদ্রদের সহযোগিতা করে যাচ্ছেন এবং উপজেলা প্রশাসন এই শীতে করোনা মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতায় আপনাদের চাহিদা অনুযায়ী সাহায্য করে যাবে। এ সময় তিনি গ্রামের মহিলা ও শিশুদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত মাস্ক পরিধান করবেন, শারীরিক দূরত্ব নিশ্চিত করবেন, হাঁচি-কাশি দেয়ার সময় নিয়ম মেনে চলবেন, সর্দি-জ্বর হলে টেস্ট করিয়ে আইসোলেশন নিশ্চিত করবেন। তাহলেই ভৈরব থেকে করোনা নির্মূল করা সম্ভব হবে।