ভৈরবে ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, শীতকালীন মুগ, পেঁয়াজ ফসল উৎপাদনে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও রাসায়নিক সার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যানে মনোয়ারা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম।
জানা যায়, ভৈরব উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার ২৯০ জন কৃষককে পুনবার্সন কর্মসূচীর আওতায় ও ৮৯০ জন কৃষককে প্রণোদনার আওতায় সার ও বিভিন্ন ফসলী বীজ বিতরণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, নতুন অর্থ বছরে পুনবার্সন কর্মসূচী ও প্রনোদনার আওতায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তা পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন বীজ বিতরণ করা হয়েছে। বীজগুলো হলো- সরিষা, চিনাবাদাম, সূর্র্যমুখী, টমেটো, মরিচ, বোরো ধান, গম, ভূট্টা, শীতকালীন মুগ, পেঁয়াজসহ বিভিন্ন ফসলী বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আজ ৫শ কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বীজ প্রাপ্তি স্বাপেক্ষে পর্যায়ক্রমে বাকী কৃষকদের মাঝে তা বিতরণ করা হবে।