ভৈরবে পৃথক অভিযানে ১০ হাসপাতালকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। ১১ নভেম্বর বুধবার দিনভর ভৈরব পৌর শহরে বিভিন্ন এলাকা ঘুরে দক্ষ জনবল ও হাসপাতালে অনুমোদনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদী না থাকায় এ জরিমানা করা হয়। পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ও সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। এ সময় সহযোগিতায় ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মোহাম্মদ খুরশীদ আলমসহ আইন শৃঙ্খলার সদস্যবৃন্দ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভৈরবে বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়ে ১০ হাসপাতালকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ভৈরব পৌর শহরের কমলপুর এলাকার ন্যাশনাল জেনারেল হাসপাতালকে ১৫ হাজার টাকা ও মাতৃকা হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করে। অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা ভৈরব বঙ্গবন্ধু সরণি এলাকার সালাম মেডিকেল হলকে ৫ হাজার টাকা, আনোয়ারা জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা, মিতালী দাশ গুপ্তাকে ১০ হাজার টাকা, চণ্ডিবের এলাকার শাপলা মেডিকেল হাসপাতালকে ২০ হাজার টাকা, ফ্যামিলি কেয়ারকে ১০ হাজার টাকা, মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, আল-শেফা জেনারেল হাসপাতালকে ৫ হাজার টাকা, লক্ষ্মীপুর এলাকার আবেদীন হাসপাতালকে ৫ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা স্যারসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে ভৈরব পৌর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলিতে বিশেষ অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বিভিন্ন মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ১৩(২) ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ৯টি বেসরকারি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫ হাজার টাকা আর্থিকদণ্ড দেয়া হয়।
এর আগে, ভৈরবে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পৃথক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১০ নভেম্বর মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
দক্ষ জনবল ও সরকারি অনুমোদনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং নানান অসঙ্গতির কারণে পৌর শহরের ১৪টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।
সূত্রে জানা যায়, ভৈরব পৌর শহরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে নামে বেনামে প্রায় অর্ধশতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এরমধ্যে অল্প সংখ্যাক প্রতিষ্ঠানে সরকারি অনুমোদন থাকলেও অধিকাংশ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন নেই। শুধু তাই নয়, নেই দক্ষ জনবল। কোন কোন প্রতিষ্ঠানে নেই সার্বক্ষণিক চিকিৎসক। এমন কি নেই গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার উপযুক্ত প্যাথলজিস্ট ও টেকনোলজিস্ট। তাছাড়া হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়ম অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষার নেই উপযুক্ত পরিবেশ। ফলে শহরে সেবা নিতে এসে গ্রামের সহজ-সরল মানুষজন প্রতারিত হচ্ছে নিয়মিত। অন্যদিকে সরকার প্রতিবছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে। এছাড়াও জীবাণু যুক্ত ময়লা ফেলার নেই কোন নির্দিষ্ট ডাস্টবিন। এমন নানা অসঙ্গতির কারণে পৌর শহরে বিভিন্ন এলাকায় ১৪টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসহ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
পৃথক অভিযানে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা সাঈদ মেমোরিয়াল হাসপাতালের মালিক ডা. ফারুককে ১০ হাজার টাকা, ফরিদা হেলথ কেয়ারকে ১৫ হাজার টাকা, ভৈরব চক্ষু ক্লিনিককে ৫ হাজার টাকা, সাজেদা আলাল জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা ভৈরব ট্রমা হাসপাতালের মালিক মোশারফ মিয়াকে ১৫ হাজার টাকা, ভৈরব ডিজিটাল চক্ষু হাসপাতালের মালিক দিমান বিশ্বাসকে ৫ হাজার টাকা, আল মদিনা মেডিকেল এর মালিক ডা. আব্দুল কাদিরকে ২০ হাজার টাকা, গ্রামীণ হাসপাতালের মালিক বদিউজ্জামানকে ২০ হাজার টাকা, মেডিল্যাব ক্লিনিকের মালিক ডা. কেএনএম জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা, মেঘনা হাসপাতালের মালিক বিমল বিশ্বাসকে ৫ হাজার টাকা, পদ্মা জেনারেল হাসপাতালের মালিক বিধান বাবুকে ৩০ হাজার টাকা, গাইনী বিশেষজ্ঞ ডা. হরিপদ বাবুকে ২০ হাজার টাকা, মা ও শিশু জেনারেল হাসপাতালের ম্যানেজার সাইদুর রহমানকে ২০ হাজার টাকা ও সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার জাবেদ মিয়াকে ২০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও কোন ধরণের অনুমোদন ছাড়া শহরের নিউ টাউন এলাকায় হরিপদ ম্যানসনের ডা. হরিপদ দেবনাথ তার নিজস্ব ভবণের নিচ তলায় দীর্ঘ দিন ধরে পরীক্ষা-নিরীক্ষার উপযুক্ত প্যাথলজিস্ট ও টেকনোলজিস্ট না রেখে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করছে। এমন অভিযোগের ভিত্তিতে ডা. হরিপদ দেবনাথ বাবুকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকতা ডা. মোহাম্মদ খুরশীদ আলম। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন উপজেলা স্যানেটারী অফিসার রুহুল আমিনসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।