কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫৪ জনের মৃত্যু হলো। নতুন আক্রান্ত হয়েছেন ৫ জন। এর মধ্যে ভৈরবে ৩ জন আর পাকুন্দিয়ায় ২ জন। আর সুস্থও হয়েছেন ৫ জন। এদের মধ্যে কটিয়াদীতে ৩ জন, আর সদরে ২ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, জেলার দু’টি ল্যাবের মধ্যে আজ সোমবার রাতে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার ফলাফলে নতুন ৪ জন এবং পুরনো এক রোগির নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮৯টি নমুনা। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৫৬টি নমুনার পরীক্ষার ফলাফলে একজনের করোনা ধরা পড়েছে। নেগেটিভ হয়েছে ৫৫টি নমুনা। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৯০ জন।