জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কিশোরগঞ্জে এবার ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ী এবং প্রকল্পভিত্তিক বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এসময় তিনি বলেন, প্রতি বছর মার্চ মাসে সরকারি গুরুদয়াল কলেজে এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহটি উদযাপন করা হয়। কিন্তু এবারের করোনা পরিস্থিতির কারণে এটি ২৭ থেকে ২৯ অক্টোবর অনলাইনে আয়োজন করতে হয়েছে। তবে অনলাইনেও অলিম্পিয়াডে শিক্ষার্থীদের মধ্যে থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এ ধরনের কর্মসূচীর মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞান মনষ্কতা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। বিজ্ঞান সাধনায় সবাই মনোনিবেশ করলেই কেবল এ ধরনের উদ্যোগ সাফল্যের মুখ দেখবে। তিনি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সতর্ক হওয়ার আহবান জানিয়ে বলেন, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে আগে বলা হয়েছিল ‘নো মাস্ক, নো সার্ভিস’। অর্থাৎ, কেউ মাস্ক ছাড়া কোন অফিসে গেলে তিনি কোন সেবা পাবেন না। আর এখন বলা হয়েছে ‘নো মাস্ক, নো এন্ট্রি’। অর্থাৎ মাস্ক ছাড়া কেউ কোন অফিসে ঢুকতেই পারবেন না। কাজেই সবাইকে দ্বিতীয় মোকাবেলায় পুরোপুরি স্বাস্থ্যবিধি মানতে হবে। আর পুনঃব্যবহারযোগ্য মাস্ক ব্যবহার করার জন্যও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। নিজেরা কাপড় দিয়ে তিন স্তরের একাধিক মাস্ক বানিয়ে নিলে ধুয়ে পড়া যাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আব্দুল্লাহ, সরকারি গুরুদয়াল কলেজের পদার্থ বিদ্যা বিভাগের শিক্ষক মো. সামছুল আলম ও জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল।
অনলাইনে অলিম্পিয়াডে অংশ নিয়ে জুনিয়র ও সিনিয়র দুই গ্রুপে ৫ জন করে বিজয়ী হয়েছে। দশম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে নিকলীর জারুইতলা স্কুল এন্ড কলেজের ছাত্র আক্তারুজ্জামান খান, দ্বিতীয় হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার আলহাজ্ব আমির উদ্দিন হাই স্কুলের ছাত্র মো. ওয়াসিম হোসেন, তৃতীয় হয়েছে পাকুন্দিয়ার আছিয়া বারী আইডিয়াল স্কুলের ছাত্র মোস্তাক আহম্মেদ জয়, চতুর্থ হয়েছে একই স্কুলের ছাত্রী মাহবুবা সুলতানা কলি, আর পঞ্চম হয়েছে জেলা শহরের সরকারি এসভি বালিকা বিদ্যালয়ের ছাত্রী নাওশিন নূর সম।
অন্যদিকে সিনিয়র গ্রুপে প্রথম হয়েছে জেলা শহরের সরকারি গুরুদয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সামিরা সুমাইয়া, পাকুন্দিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণি থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হয়েছে যথাক্রমে মো. আব্দুল্লাহ, সানজিদা আক্তার অনন্ত, তাসলিমা আক্তার শ্রাবণী এবং মায়েশা তাসলীম মাহি।
এছাড়া প্রকল্পভিত্তিক প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে আধুনিক সরল যন্ত্রে প্রথম হয়েছে জেলা সরণি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী লাবনা আক্তার জেনি, ইকো প্রজেক্ট নিয়ে দ্বিতীয় হয়েছে কিশোরগঞ্জ সরকারি বালক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইয়াদ মোহাম্মদ ইভান, আর স্পেশালাইজড সোলার পেনডেমিক হাসপাতাল প্রকল্প নিয়ে তৃতীয় হয়েছে কটিয়াদী সরকারি বালক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তানজিম আলম আবির আল জিনাত।
সিনিয়র গ্রুপে নিরাপত্তায় রাডার প্রকল্প নিয়ে প্রথম হয়েছে সরকারি গুরুদয়াল কলেজের শিক্ষার্থী মুশাহিদুল ইসলাম, ডিজিটাল ক্লক প্রকল্প নিয়ে দ্বিতীয় হয়েছে হয়বতনগর এ.ইউ কামিল মাদ্রাসার ছাত্র নকীবুল হক ও মো. রাশেদ ইকবাল, আর গ্রীণ সিটি প্রকল্প নিয়ে তৃতীয় হয়েছে গুরুদয়াল কলেজের ছাত্রী সাবিহা তাহসিন সুমু। এছাড়া বিশেষ গ্রুপে করোনা বিকল্প দ্বীপ প্রকল্প নিয়ে প্রথম হয়েছেন সদর উপজেলার বৌলাই ইউনিয়নের উত্তর রাজকুন্তি গ্রামের তরুণ বিজ্ঞানী মোবারক হোসেন, ড্রোন নিয়ে দ্বিতীয় হয়েছেন মো. আতাউল হাকিম, আর সোলার মিনিবাস নিয়ে তৃতীয় হয়েছেন এনামুল হক বুলবুল। বিজয়ী প্রত্যেককে একটি করে সনদ ও বই উপহার দেয়া হয়েছে। এর বাইরে জেলা পাবলিক লাাইব্রেরি, সরকারি মহিলা কলেজ ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে ৮১টি করে বই উপহার দেয়া হয়েছে। এসব বিজয়ী পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। এরপর প্রত্যেক বিভাগ থেকে তিনজন করে বিজয়ী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
যান্ত্রিক গোলযোগের জন্য সংবাদটি পুনঃসংযোজন করা হলো।