# মিলাদ হোসেন অপু :-
লবনের প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে দুই নারীর কাছে সর্বস্ব লুট করার অভিযোগ পাওয়া গেছে। ২৩ অক্টোবর সোমবার দুপুর ২টায় শহরের সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। সর্বহারা নারীদ্বয় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গৌরীপুর পূর্ব পাড়া এলাকার জাহাঙ্গীর মিয়ার স্ত্রী হালেদা বেগম ও একই এলাকার হাসীম মিয়ার স্ত্রী সাহেদা বেগম।
স্থানীয়রা জানান, দুই নারীকে কান্না করতে দেখে জানতে পারে তাদের কাছে থাকা সর্বস্ব কে বা কার লুট করে নিয়ে গেছে। তাদের হাতে একটি সাদা বাজারের ব্যাগে লবনের প্যাকেট ধরিয়ে দিয়ে এ কাণ্ড ঘটিয়েছে বলে তারা জানায়। এসময় স্থানীয়দের সহযোগীতায় ভৈরব শহর ফাঁড়ি পুলিশের কাছে অভিযোগ করতে তাদের পাঠানো হয়।
স্থানীয়রা আরো জানান, এ ঘটনায় হালেদা বেগম কিছুটা স্বাভাবিক হলেও সাহেদা বেগম কিছুই বলতে পারছে না। স্থানীয়দের সহযোগীতায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সর্বস্ব হারা নারী হালেদা বেগম জানান, আমরা সকালে ডাক্তার দেখাতে গৌরীপুর থেকে ভৈরব বাজার আসি। ডাক্তার দেখানোর পর বাড়ি ফেরার পথে দুইজন ব্যক্তি শহরের চকবাজার থেকে আমাদের সাথে কথা বলতে বলতে শহরের সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের সামনে নিয়ে যায়। তাদের হাতে থাকা একটি প্যাকেট ধরিয়ে বলে এটি চকবাজারের একটি মিষ্টির দোকানে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। এরপর তাদের কোন কথা আমরা বুঝতে পারিনি। কিভাবে যে আমাদের কাছে থেকে দুটি দামী মোবাইল, নাকফুল ও গলার চেইনসহ সবকিছু নিয়ে গেছে আমরা বুঝে উঠতে পারছি না। আমাদের হাতে লবনের প্যাকেট ছাড়া কিছুই নেই। তাদেরকেও খোঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে ভৈরব শহর পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক মনিরুজ্জামান মনির বলেন, অপরিচিত লোকদের খপ্পরের পড়াই ঠিক হয়নি। ঘটনার পর থেকে পুলিশ বিষয়টি তদারকি করছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।