# মিলাদ হোসেন অপু :-
ভৈরব পাদুকা ক্লাস্টার উন্নয়ন ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন বুধবার বিকাল ৪টায় উপজেলার গজারিয়া বাশঁগাড়ি এলাকায় পপি-এসইপি প্রকল্পের আয়োজনে এই মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়া অনুষ্ঠানে পপি-এসইপি প্রকল্প ব্যবস্থাপক মো. বাবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহ কায়সার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, পপি-এসইপি প্রকল্পের এনভায়রনমেন্ট অফিসার মোস্তফা কামাল।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আবু জাফর, বাঁশগাড়ি পরিবেশ উন্নয়ন ফোরাম সভাপতি মো. লাল মিয়া, ভৈরব বাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. আজিজুল হক।
অনুষ্ঠানে স্থানীয় পাদুকা উদ্যোক্তা, শ্রমিক ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভৈরব পাদুকা উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উদ্যোক্তাগণ পরিবেশ সংরক্ষণ বিষয়ে একেবারেই সচেতন নয়। সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্প (এসইপি) এর আওতায় ভৈরব জুতা উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোগসমূহকে পরিবেশ সম্মত টেকসই করতে সহযোগী সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্বব্যাংক এর অর্থায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনায় পপি প্রকল্পটি কিশোরগঞ্জ জেলার ভৈরব, বাজিতপুর ও কুলিয়ারচর উপজেলায় বাস্তবায়ন করছে।
এসময় বক্তারা আরো বলেন, পাদুকা কারখানায় স্থানীয় উদ্যোক্তাগণ পাদুকা তৈরীতে বিভিন্ন ধরণের রাসায়নিক দ্রব্য, রেক্সিন, ফোম, চামড়া, প্যাকেজিংসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে। সেগুলো খুবই দাহ্য। এছাড়া পাদুকা কারখানা গুলোতে পাদুকা তৈরীর সময় উৎসৃষ্ট বর্জ্য যেখানে সেখানে ফেলা হয়। অনেক সময় বর্জ্য একত্রিত করে আগুন ধরিয়ে দেওয়া হয় যা এলাকার আশে পাশের পরিবেশ দূষিত করে। ভৈরবে ছোট বড় মিলিয়ে ৭-৮ হাজার পাদুকা কারখানা রয়েছে। পাদুকা উৎপাদনে স্থানীয় উদ্যোক্তাগণ বিভিন্ন ধরণের কেমিক্যাল ব্যবহার করে। কিন্তু এসব কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে পাদুকা শ্রমিকগণ কোন সাবধানতা অবলম্বন করে না। এতে করে যে কোন সময় অগ্নি দুর্ঘটনা ঘটে। কারখানা গুলোতে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে প্রস্তুতিমূলক কোন ব্যবস্থাও থাকে না। আবার অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার এক্সটিংগুইশার থাকলেও এর ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ না থাকায় বিপদের সময় তা ব্যবহার করতে পারে না। এদিকে কেমিক্যালযুক্ত বর্জ্য যেখানে সেখানে ফেলার কারণে বৃষ্টির পানিতে মিশে খাল বিল. নালা ও ডোবায় যায় ফলে মাটি ও পানি দূষিত হচ্ছে ও দুর্গন্ধ ছড়াচ্ছে। পাদুকা উৎপাদনে স্থানীয় উদ্যোক্তাগণ যাতে কারখানার কর্ম পরিবেশ উন্নয়নে উদ্যোগ গ্রহণ করতে পারে ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে পারে এ ব্যাপারে প্রকল্পের মাধ্যমে পরামর্শ ও সহযোগীতা প্রদান করা হচ্ছে।
আলোচনা শেষে পাদুকা কারখানায় অগ্নি দুর্ঘটনা ঘটলে কিভাবে অগ্নি নির্বাপণ করতে হবে এ বিষয়ে মহড়া পরিচালনা করেন ভৈরব বাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।