# নিজস্ব প্রতিবেদক :-
বেসরকারি মাধ্যামক শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে আজ ১৩ জুন মঙ্গলবার দুপুরে শহরের বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষকরা মিছিল বের করেন। এসময় কেউ কেউ গায়ে ফেস্টুন জড়িয়ে মিছিলে অংশ নেন। এরপর কালিবাড়ি সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মানববন্ধন করা হয়। এসব কর্মসূচীতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা কমিটির সভাপতি আফাজুর রহমান খান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।
মানববন্ধনে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তৃতা করেন। উপরোক্ত দাবিতে শিক্ষকরা ১১-১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালন করেছেন। আজ মিছিল ও মানববন্ধন করেছেন। ১৪-২০ জুন জেলায় জেলায় সংবাদ সম্মেলন হবে। ২৫ জুন ছাত্র, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সংসদ সদস্যদের সাথে মতবিনিময় করা হবে। আর আগমী ২৬ জুন বাজেট পাসের আগেই সরকার বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা না দিলে ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে লাগাতার অবস্থান কর্মসূচী পালন করা হবে বলে নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন।
কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসেম, জেলা কমিটির প্রচার সম্পাদক প্রদীপ সরকারসহ কামাল উদ্দিন, আবু বকর সিদ্দিক প্রমুখ।