# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় আজ ৮ জুন বৃহস্পতিবার দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ প্রতিপাদ্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আলপনা মজুমদার। এর ওপর আলোচনায় অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মামুন অর রশিদ, জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, জেলা পপি সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম, সাংবাদিক মোস্তফা কামাল, সাইফুল হক মোল্লা দুলু, আলম সারোয়ার টিটু প্রমুখ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম তারেক আনাম, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. সামছুল হক, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আব্দুল্লাহসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, এখন মানুষ অনেক খাদ্য সচেতন ও পুষ্টি সচেতন হয়েছে। কেবল বেশি পরিমাণ খাবার গ্রহণ করলেই স্বাস্থ্যের জন্য সহায়ক হয় না। পুষ্টিগুণ সম্পন্ন পরিমিত খাদ্যই মানুষকে সুস্বাস্থ্য দিতে পারে। বর্তমান বাজার মূল্যের কারণে স্বল্প আয়ের মানুষেরা প্রাণীজ প্রোটিন তেমন কিনতে পারে না। তবে স্বল্পমূল্যের অনেক পুষ্টিকর খাবার রয়েছে। সেসব সম্পর্কে ধারণা তৈরি করতে হবে। নিজেরা খাবার উৎপাদনে আত্মনিয়োগ করতে হবে। তাহলে টানাটানির মধ্যেও পুষ্টিকর খাবার পাওয়া যেতে পারে বলে বক্তাগণ মন্তব্য করেছেন। পুষ্টিসমৃদ্ধ খাবার ছাড়া সুস্থ প্রজন্ম তৈরি করা যাবে না বলেও বক্তাগণ মন্তব্য করেছেন।