# নিজস্ব প্রতিবেদক :-
আসন্ন ঈদুল আযহার জামাতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ ৭ জুন দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শোলাকিয়া ঈদগার কার্যকরি পরিষদ ও সাধারণ পরিষদের সভায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ঈদগা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান, ঈদগা কমিটির সদস্যসচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, পৌর কাউন্সিলর সুলতান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। তবে আগামীতে ঈদুল আযহার জামাতের সময় আরও এগিয়ে আনা হতে পারে। এই জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বীর মুক্তিযোদ্ধা মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। বিকল্প ইমাম থাকছেন মারকাস মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান খান ও বড়বাজার জামে মসজিদের ইমাম শোয়াইব বিন আব্দুর রউফ।
মাঠে পর্যাপ্ত সিসি ক্যামেরা, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর ও চেকপোস্ট থাকবে। থাকবে চারটি ওয়াচটাওয়ার। ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে দূরবর্তী মুসল্লিদের যাতায়াতের জন্য দুটি বিশেষ ট্রেন থাকবে। মুসল্লিরা যেন জায়নামাজ ছাড়া অন্য কোন বস্তু বহন না করেন, সেই আহবানও জানানো হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ প্রমুখ।