# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে যুবলীগ নেতার দুই হাত ভেঙে গুরুত্বর আহত করার ঘটনায় ১১ জনকে আসামি করে থানায় মামলা করেছেন আহতের স্ত্রী মাহিয়া ইসলাম। মামলায় অজ্ঞাত রয়েছে আরো ১৫/২০ জন। ৫ জুন সোমবার রাত সাড়ে দশটায় এই মামলা দায়ের করা হয়। মামলায় আসামিরা হলেন, পলতাকান্দা এলাকার মজিবুর রহমানের ছেলে হামজা (২৪) ও সাবি মিয়া (২২), মাহিন ছিদ্দিকীর ছেলে সাদাফ (২২), মিজান ছিদ্দিকীর ছেলে স্বাধীন হায়া (২৩), পটল মিয়ার ছেলে সোহান মিয়া (২৪), মনা মিয়ার মেয়ের জামাতা আবুল কালাম (৫৫), আবুল কালাম মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (২৫) ও ইসমাইল (২৩), সাত্তার মিয়ার ছেলে শরীফ মিয়া (২৮), মোবারক মিয়ার ছেলে কাদির মিয়া (৩৬), কালিপুর এলাকার কালা মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৮) সহ অজ্ঞাত আরো ১৫/২০ জন।
আহত যুবলীগ নেতা শেহজাদ হাসান নাঈম (৩২) পৌর শহরের পলতাকন্দা এলাকার মৃত হিরণ মিয়ার ছেলে। নাঈম ভৈরব পৌর শহরের ১১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি ভৈরব নৈশ মৎস্য আড়ত ব্যবসা সমবায় সমিতি’র পরিচালক।
মামলার বিবরণে জানা যায়, ৪ জুন রোববার দিবাগত রাত ১১টায় পলতাকান্দা এলাকায় জালাল মিয়ার চায়ের দোকানে বসে ছিল নাঈম। এসময় পৌর ছাত্রলীগ সভাপতি সালেহ রহমান মিকদাত ও পৌর ছাত্রদলের সভাপতি হিসাম এর দুই ভাই হামজা ও সাবীসহ আরো ১৫/২০ জন দুষ্কৃতিকারী পূর্ব পরিকল্পিতভাবে উৎপেতে থাকে। রাত ১১টার দিকে জালাল মিয়ার চায়ের দোকানে চা খাওয়ার মুহুর্তে পরিকল্পিতভাবে নাঈমকে রড, লাঠি সোটা দিয়ে মেরে ফেলার জন্য তার হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় উপর্যুপরি আঘাত করে। এতে তার একটি হাত ভেঙে গুড়া হয়ে যায়। আরেকটি হাতের হাড় ফেটে যায়। পরে তাকে রাত ১২টার দিকে স্থানীয়রা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এদিকে আহত যুবলীগ নেতা নাঈমকে দেখতে হাসপাতালে ছুটে যান উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অপরদিকে ঢাকা পঙ্গু হাসপাতালে আহত নাঈমকে দেখতে যান ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু। সেখানে তিনি নাঈমের শারীরিক খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। এছাড়া এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম মামলার সত্যতা স্বীকার করে বলেন, ৫ জুন রাতে আহতের স্ত্রী ১১ জনের নাম উল্লেখসহ ও ১৫/২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর পুলিশ অভিযুক্তদেতর গ্রেপ্তারে তৎপর রয়েছে।