# রাজীবুল হাসান :-
ভৈরবে অভিনব কায়দায় মাদক পাচারের সময় চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার হরিপুর গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র মো. ইয়ামিন (২৬), একই থানার কালামুড়িয়া গ্রামের শামসুল হকের পুত্র মো. সোহেল মিয়া, নোয়াখালীর বেগমগঞ্জের জিততলী গ্রামের আবদুল হাইয়ের পুত্র মো. আলবি (২১) ও শেরপুর জেলার শ্রীবরদি থানার বারারচর গ্রামের আহাত উল্লাহ ম-লের পুত্র মো. সুমন ম-ল (২৬)। ১২ নভেম্বর শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় সংলগ্ন স্থান থেকে অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকার ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাবিবা পরিবহনের যাত্রীবাহী বাস থেকে সন্দেহজনক চার ব্যক্তিকে আটক করে তাদের শরীরে তল্লাশি চালিয়ে বডিফিডিং অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধারকৃত মাদকসহ চার মাদক কারবারীকে গ্রেফতার করে হাইওয়ে পুলিশ।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার শহীদ উল্ল্যাহর দিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় লাবিবা পরিবহনের বাসে করে মাদকপাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চারজন মাদক ব্যবসায়ীর শরীর তল্লাশি চালিয়ে তাদের বডি ফিটিং অবস্থায় ১২ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।