মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মতামত তৈরির জন্য কিশোরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর এই ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, জননিরাপত্তা বিভাগের সচিব মো. আখতার হোসেন ও সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেনসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধানগণের উপস্থিতিতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় উত্থাপিত সমন্বিত কর্মপরিকল্পনার বিষয়ে মতামত প্রদান কার্যক্রম গ্রহণের লক্ষ্যেই কিশোরগঞ্জে কর্মশালার আয়োজন করা হয়।
আজ ১০ এপ্রিল রোববার দুপুরে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমসহ উপস্থিত ছিলেন বিশেষ অতিথি স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশনস) মো. নূরে আলম। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্যাহ কাজল। কর্মশালায় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি অংশ নেন।
কর্মশালায় মাদকের আগ্রাসন ও ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করা হয়। নানারকম নতুন নতুন মাদকের আবির্ভাব, নতুন নতুন পদ্ধতিতে মাদক পাচার ও বিপনন সম্পর্কে কর্মশালায় ধারণা দেয়া হয়। মাদক রুখতে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করা হয়। এর জন্য জেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায় পর্যন্ত মাদক প্রতিরোধের লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও আশ্রয়ণ প্রকল্প এলাকায় মাদক বিরোধী আলোচনা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, প্রচারপত্র বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করা হবে। এসব কার্যক্রম বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহায়তা করবে।