স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতু নেসা ইন্দিরার সভাপতিত্বে আজ ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। দেশের সকল জেলা প্রশাসক কার্যালয় জুম প্রযুক্তিতে অনুষ্ঠানে সংযুক্ত ছিল। এ উপলক্ষে কিশোরগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বাছির উদ্দিন ফারুকী ও আব্দুল মান্নান, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতন প্রমুখ।
রাজধানীর কর্মসূচীতে মহিলা বীর মুক্তিযোদ্ধা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতু নেসা ইন্দিরাসহ আরও কয়েকজন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানোর পর কিশোরগঞ্জেও জেলার ৬ মহিলা বীর মুক্তিযোদ্ধা নিকলীর সখিনা বেগম ও সিদু বেগম, সদরের উষা রাণী দেবী, ইলা রাণী রায় ও মীরা রাণী চৌহান এবং কুলিয়ারচরের কোহিনূর আক্তার বকুলকে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।