কিশোরগঞ্জে মাস্টার্স পাশ করা মো. আনিছুর রহমান নামে এক দারিদ্র পীড়িত প্রতিবন্ধীকে আইজিপি ড. বেনজীর আহমেদের সহধর্মিনী কেন্দ্রীয় পুনাক (পুলিশ নারী কল্যাণ) সভাপতি জীশান মীর্জার বদান্যতায় জেলা পুনাক একটি কম্পিউটার প্রদান করেছে। পাশাপাশি জেলা পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের কার্যালয়ে কম্পিউটার অপারেটরের চাকরি প্রদান করেছেন। এ উপলক্ষে আজ ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুনাক সভানেত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও পরিবহন মালিক সমিতির আহবায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন এবং প্রতিবন্ধী আনিছুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী।
অনুষ্ঠানে পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী জানান, ফেসবুকে আনিছুর রহমানের মর্মস্পর্শী প্রতিবন্ধী জীবন ও দারিদ্রের বর্ণনা জানতে পেরে পুনাকের কেন্দ্রীয় সভানেত্রী জীশান মীর্জা পুলিশ সুপার ও জেলা পুনাক সভানেত্রীর সঙ্গে কথা বলেন এবং আনিছকে চলার মত কিছু একটা সহায়তা করার পরামর্শ দেন। এর প্রেক্ষিতেই জেলা পুনাক আনিছকে একটি কম্পিউটার প্রদানের সিদ্ধান্ত নেয়। আর পরিবহরণ মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বললে তারা সঙ্গে সঙ্গে তাদের অফিসে আনিছকে কম্পিউটার অপরেটরের চাকরি প্রদানের অঙ্গীকার করেন। আজ আনুষ্ঠানিকভাবে আনিছুর রহমানের হাতে কম্পিউটার তুলে দেয়া হয় এবং পুলিশ সুপার ও জেলা পুনাক নেতৃবৃন্দ পারিবহন মালিক সমিতির অফিসে গিয়ে আনিছুর রহমানকে তার চাকরির কক্ষে বসিয়ে দিয়ে আসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, সদর থানার ওসি মোহাম্মদ দাউদ, পরিবহন মালিক সমিতির সদস্যসচিব শেখ ফরিদ আহমেদ প্রমুখ।
আনিছুর রহমান সদর উপজেলার শ্রীমন্তপুর গ্রামের সিদ্দিক মিয়া ও মা ফুলেছা বেগমের সন্তান। বাবা একজন ঝালমুড়ি বিক্রেতা। আনিছ বহু কষ্ট করে একাগ্র চেষ্টায় শহরের সরকারী গুরুদয়াল কলেজ থেকে দর্শণ শাস্ত্রে সম্মানসহ মাস্টার্স করেছেন। তার ছোটবোন আমেনা আক্তারও মাস্টার্স পড়ছেন। কিন্তু আনিছুর রহমান শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তার পক্ষে কোন কায়িক শ্রম দেয়া যেমন সম্ভব হয় না, আবার তাকে কেউ চাকরিতেও নিতে চায় না। অবশেষে পুনাকের মাধ্যমে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় তিনি পুনাক, পুলিশ সুপার এবং পরিবহন নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।