জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে কিশোরগঞ্জে সাংবাদিকদের নিয়ে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক দু’দিনের অনলাইন কর্মশালা শুরু হয়েছে। ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শাহিন ইসলাম এনডিসি’র সভাপতিত্বে ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম। কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্মসচিব আয়েশা আক্তার, যুগ্মসচিব শাফায়াত মাহবুব চৌধুরী, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, প্লাটফরম ফর ডায়লগের টিম লিডার মি. আর্সেন স্টেফেনিয়ন, গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ.কে.এম আজিজুল হক, বাংলাদেশ বেতারের উপ-পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম, ইনস্টিটিউটের কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলাম।
কর্মশালায় সুশাসন প্রতিষ্ঠায় ৫টি জবাবদিহিতা উপকরণ জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন, বিভিন্ন সেবা দানকারী প্রতিষ্ঠানে সিটিজেন চার্টার প্রদর্শন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং বিভিন্ন বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ওপর আলোকপাত করা হয়। এসব বিষয়ে সাংবাদিকরা কিভাবে নজরদারি করে সুশাসন নিশ্চিতে ভূমিকা রাখতে পারেন, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, এ বিষয়ে কর্মশালায় ধারণা দেয়া হয়। কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় বলা হয়, সরকারের নির্বাহী বিভাগ ও জনপ্রশাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ ১০টি সরকারি বিভাগ আর গণমাধ্যম, এনজিও এবং পরিবারসহ ৬টি বেসরকারি খাত এই সুশাসন প্রতিষ্ঠার আওতায় রয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতিমুক্ত সৎ ব্যক্তি ও প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শুদ্ধাচার পুরস্কারও প্রবর্তণ করা হয়েছে বলে কর্মশালায় জানানো হয়।