হাসপাতালে গিয়ে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে বাড়ি ফিরছিল করিমগঞ্জের দশম শ্রেণীর ছাত্রী উর্মি। কিন্তু আর বাড়ি ফেরা হলো না। চলন্ত অটোক্সিা থেকে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে একটি ট্রাক এসে তাকে পিষে দিয়ে চলে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, করিমগঞ্জের সুতারপাড়া এলাকার রতন মিয়ার মেয়ে পার্শ্ববর্তী নিয়ামতপুর স্কুল এন্ড কলেজে দশম শ্রেণীতে পড়তো। আরও কিছু ছাত্রীসহ আজ ১০ জানুয়ারি বৃহস্পতিবার করিমগঞ্জের প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করে বেলা সাড়ে ১২ টার দিকে একটি অটোরিক্সায় চড়ে উর্মি বাড়ি ফিরছিল। কিছুদূর যাবার পরই করিমগঞ্জ পৌর মডেল কলেজের কাছে গিয়ে উর্মি অটো থেকে রাস্তায় পড়ে যায়। এমন সময় পেছন থেকে একটি চলন্ত মাহেন্দ্র ট্রাক এসে তার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই উর্মি মারা যায়। খবর পেয়ে করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে লশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন বলে জানিয়েছেন। ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক বলে তিনি জানিয়েছেন।