সারাদেশে চলছে ৫ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত লকডাউন। নিষিদ্ধ হয়েছে মহাসড়কে যানচলাচল। এ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-সিলেট মহাসড়কে বাসস্ট্যান্ড দুর্জয় মোড় দিয়ে যানচলাচলের সময় অভিযান চালায় ভৈরব উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ ১১ এপ্রিল রোববার বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। অভিযানে সহযোগিতায় ছিলেন ভৈরব হাইওয়ে থানা পুলিশ।
জানা যায়, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে যানচলাচল করায় ভৈরব দুর্জয় মোড়ে ৫টি বাস ও ৪টি রেন্ট-এ কারের চালককে ১৫ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ সংক্রামন রোধে সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউনে গণপরিবহন নিষেধ থাকলেও বাস ও রেন্ট-এ কার যাত্রী পরিবহন করে আসছিল। এ অপরাধে ভৈরবে ৯ জন চালককে ১৫ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিঁনি।