কিশোরগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথম ডোজ টিকা নিয়েছিলেন গত ৭ ফেব্রুয়ারি। সেদিন কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানসহ আরো অনেকেই প্রথম ডোজ টিকা নিয়েছলেন। কিন্তু দ্বিতীয় ডোজ নেবার আগেই আজ ২২ মার্চ সোমবার ডেপুটি সিভিল সার্জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে।
এদিকে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেছেন, করোনার টিকার দু’টি ডোজ নিতে হবে। প্রথম ডোজ নিলেই কেউ শতভাগ নিরাপদ হয়ে যান না। সেই কারণেই দু’টি ডোজ নিতে হবে। কাজেই প্রথম ডোজ নেবার পরও কেউ আক্রান্ত হতে পারেন। সেই কারণেই প্রথম ডোজ নেবার পরও সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয়। তাই বলে টিকার বিষয়ে সংশয়ের কোন সুযোগ নেই। তিনি বলেন, ডেপুটি সিভিল সার্জন খুব সতর্ক মানুষ। সবসময় স্বাস্থ্যবিধি অনুসরণ করেছেন। তার পরও কোন কারণে তিনি আক্রান্ত হয়ে গেছেন।
আজ কিশোরগঞ্জে মোট ৬ জনের করোনা ধরা পড়েছে। সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষায় সদর ও ভৈরবে ২ জন করে, আর তাড়াইল ও পাকুন্দিয়ায় একজন করে নতুন রোগি শনাক্ত হয়েছে। নেগেটিভ হয়েছে ৮৭টি নমুনা। আর বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষায় সবগুলোই নেগেটিভ হয়েছে। আজ জেলায় করোনায় মোট চিকিৎসাধীন আছেন ৯৯ জন। আর আজ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন মোট এক লাখ ২৬০ জন, টিকা গ্রহণ করেছেন মোট ৫৮ হাজার ৯৬৭ জন।