কিশোরগঞ্জে নবম শ্রেণীর এক ছাত্রীকে তার মতের বিরুদ্ধে বিয়ে দেয়া হচ্ছিল। মেয়েটি আত্মহত্যার ঘোষণা দিয়েছিল। অবশেষে বিষয়টি নারী নির্যাতন নিয়ে কাজ করা বেসরকারী সংস্থা পপি’কে অবহিত করা হলে তাদের সহায়তায় মহিলা অধিদপ্তর বাল্যবিয়েটি ভণ্ডুল করে দিয়েছে। শহরতলির পাঠানকান্দি এলাকার মেনু মুন্সির নাবালিকা মেয়ে নাসরিন পার্শ্ববর্তী কাতিয়ারচর এলাকার হাজী তাজমল খান উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ে। আজ ২২ মার্চ সোমবার তার বিয়ের আয়োজন চলছিল। বিষয়টি নাসরিন তার প্রধান শিক্ষককে জানালে তিনি আজ দুপুরে মোবাইল ফোনে পপি’র জেলা সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলমকে জানান। ফরিদুল আলম বিষয়টি জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদকে জানালে তিনি অফিসের স্টাফদের এলাকায় পাঠিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দিয়েছেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।