কিশোরগঞ্জে রিক্সা ছিনতাই করতে এক রিক্সাচালককে খুন করা হয়েছে। জনতা ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এলাকাবাসী জানায়, সদর উপজেলার মজুমদারপাড়ার আব্দুর রশিদের ছেলে শামীম (৩০) রোববার রাতে শহরের পুরানথানা এলাকা থেকে পার্শ্ববর্তী কাশোরারচর এলাকার মৃত মজিদ মিয়ার ছেলে মানিকের (৪৫) রিক্সাটি ভাড়া নেন। মহিনন্দ মাস্টারপাড়া এলাকায় যেতেই রিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রীবেশী শামীম রিক্সাচালক মানিককে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকেন। মানিকের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে গিয়ে ছোরাসহ ঘাতক শামীমকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আর মুমূর্ষু অবস্থায় মানিককে জেনারেল হাসপাতালে নেয়ার পর সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, এ ঘটনায় নিহতের ভাই হিরণ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তবে ঘাতক শামীমের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কি না, এ ব্যাপারে অভিযান চলছে।