করোনার টিকা গ্রহণ করে সুরক্ষিত হবার আহবানের মধ্যে দিয়ে কিশোরগঞ্জে ২১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে। আজ ১০ ফেব্রুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়, এবারের করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে ফুল দেয়া যাবে। তবে কোন প্রতিষ্ঠান বা সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ ৫ জনকে শহীদ মিনারে যাবার অনুরোধ জানানো হয়েছে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করতে হবে। শহীদ মিনারে আগের দিন বিকালে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানের আয়োজন করা হবে। শিশু একাডেমির উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সভায় বক্তাগণ বলেন, একুশ বাঙালির জীবনে একটি জাতিগত আবেগের দিন, একটি গর্বের দিন। এদিনই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনের প্রথম সোপান রচনা হয়েছিল। তৎকালীন পাকিস্তান রাষ্ট্রের ৫৬ ভাগ মানুষের ভাষা বাংলা হবার পরও পাকিস্তানি শাসকরা জোর করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। এর বিরুদ্ধে তখন গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম বাঙালি সদস্য হিসেবে প্রতিবাদ করে বাংলাকেও রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন। এর ধারাবাহিকতায় বাংলার ছাত্র সমাজ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। বায়ান্নর একুশে ফেব্রুয়ারি সরকারের ১৪৪ ধারা উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্ররা সমাবেশ করে রাস্তায় বেরিয়ে পড়েন। আর সেই আন্দোলনে রফিক, শফিক, জব্বার, সালাম, বরকতরা শহীদ হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ভাষা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে কারাবন্দী হয়েছিলেন। আর সেই ভাষা আন্দোলনের পথ বেয়েই এসেছে আমাদের মহান স্বাধীনতা। আজ জাতি হিসেবে আমরা আরো একটি গর্বের দাবিদার। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে এ দিনটিকে জাতিসংঘ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
জেলা প্রশাসক বলেছেন, এবারের করোনা পরিস্থিতির কারণে অনেক অনুষ্ঠানই ব্যাপক আয়োজনের মাধ্যমে করা যাচ্ছে না। তবে করোনার টিকা নেয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের জন্য প্রথম ধাপে ৭০ লাখ টিকা আনতে সক্ষম হয়েছেন, যা অনেক দেশই পারেনি। তিনি নিজেও টিকা নিয়েছেন জানিয়ে সবাইকে নির্ভয়ে টিকা নেয়ার আহবান জানিয়ে বলেন, একটি বড় জনগোষ্ঠী যখন টিকার সুরক্ষার আওতায় চলে আসবে, তখন এবারের বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানগুলো জাঁকজমকের সঙ্গে করা সম্ভব হবে।