কিশোরগঞ্জে হাওরের জীবনমান উন্নয়নের ওপর একটি সেমিনার উদ্বোধন করতে গিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, হাওরে এখন অসংখ্য পরিবার এলপিজি সিলিন্ডার দিয়ে রান্নার কাজ করে। কিন্তু হাওরের সর্বত্র ২০১২ থেকে ২০১৫ সালে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া সিলিন্ডার বিক্রি হচ্ছে। আর এগুলি বিস্ফোরিত হয়ে মানুষ মারা যাচ্ছে, বাড়িঘর পুড়ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অসাধু ব্যবসায়ীরা হাওরকে ডাম্পিং গ্রাউন্ড বানিয়ে হাওরের বাজারগুলোতে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের দোকান দিয়েছেন। তিনি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমকে ভ্রাম্যমাণ আদালত পাঠিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। আজ ৮ ফেব্রুয়ারি সোমবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্যক্রম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. শামীম আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবেজ আহমেদ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম খান মাসুম ও মুফতি আব্দুল কাইয়ুম খান। এসময় আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা অঞ্চলের বিজিবির সিইও লে. কর্ণেল এ.এস.এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. সামছুল হক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক প্রমুখ।
এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক আরো বলেছেন, এক সময় দিনে দিনে জেলা শহর থেকে হাওরের একটি উপজেলায় যাওয়া যেত না। এখন পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হাওরে প্রাথমিক বিদ্যালয়ের পড়া শেষ করে হাইস্কুলে পড়েছেন ভৈরবে। হাওরে কোন হাইস্কুল ছিল না। কিন্তু রাষ্ট্রপতির প্রচেষ্টায় এবং প্রধানমন্ত্রীর সহযোগিতায় সড়ক অবকাঠামোর অনেক উন্নয়ন হয়েছে। এখন জেলা শহর থেকে সকালে রওনা দিয়ে হাওরের তিন উপজেলা ঘুরে জেলা শহরে এসে লাঞ্চ করা যায়। এখন প্রতিটি ইউনিয়নে হাইস্কুল হয়েছে। বলতে গেলে প্রতিটি গ্রামে এখন প্রাইমারি স্কুল রয়েছে। তিনি বলেন, রাষ্ট্রপতি ১৯৭০ সন থেকে হাওরে সংসদ সদস্য হয়েছেন বলে আজকে তিনি রাষ্ট্রপতি হয়েছেন। শেখ হাসিনাও বার বার প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন হবে। ক্ষমতার পরিবর্তন হলে উন্নয়নের ধারাবাহিকতা থাকে না। কাজেই শেখ হাসিনা যেন বার বার ক্ষমতায় আসতে পারেন, এর জন্য তিনি ইমামদের সহযোগিতা কামনা করেছেন। তিনি হাওরের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ইমামদেরকে জুমার খুতবা এবং বয়ানে এসব প্রসঙ্গ তুলে ধরার আহবান জানিয়েছেন। হাওরের সৌন্দর্য দেখার জন্য এখন কক্সবাজারসহ বিভিন্ন এলাকার পর্যটকরা ছুটে আসছেন। তবে হাওরের মূল্যবান সড়ক যেন কারো অপরিকল্পিত কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত না হয়, এ ব্যাপারেও মানুষকে বোঝানোর জন্য তিনি ইমামদেরকে অনুরোধ জানিয়েছেন। বাল্যবিয়ের বিরুদ্ধেও বয়ানের আহবান জানিয়েছেন। তিনি করোনার টিকা নেয়ার ক্ষেত্রে মানুষকে উদ্বুদ্ধ করার জন্যও আহবান জানিয়েছেন। টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে না বলেও তিনি সবাইকে আশ্বস্ত করেছেন। হাওরে মাদকের ব্যবহার বাড়ছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। ইমামদেরকে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচারণা চালানোর অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, হাওরে অনেক সময় আগাম বন্যায় বোরো ধানের ক্ষতি হয়। কৃষি বিজ্ঞানিদের সঙ্গে আলোচনা করেছেন, যেন আরো স্বল্প জীবনকালের ধান উদ্ভাবন করা হয়। তাহলে বন্যার পানি আসার আগেই কৃষকরা জমির ধান ঘরে তুলে নিতে পারবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ইমামদের উদ্দেশ্যে বলেছেন, ধর্মীয় অনুশাসনের পাশাপাশি আর্থ-সামাজিক বিষয়ে বলতে পারলে ভাল হয়। যুব সমাজের অবক্ষয় সম্পর্কে বলতে হবে। রাষ্ট্রপতিকে যেমন হাওরবাসী সমর্থন দিয়েছেন, রাষ্ট্রপতিও ব্যাপক উন্নয়নের মাধ্যমে এর প্রতিদান দিচ্ছেন। হাওরে ক্যান্টনমেন্ট হচ্ছে, ফ্লাইওভার হবে। বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয় হবে। মিঠামইনে মিনি সার্কিট হাউজ হবে।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেছেন, ইমামদের মানুষের জীবনমান উন্নয়ন, মাদক এবং জঙ্গিবাদ সম্পর্কে বলতে হবে। ইমামরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদেরকে মানুষ সম্মান করে। কাজেই তারা মানুষকে ভাল কাজে উদ্বুদ্ধ করতে পারেন। তিনি ওয়াজ মাহফিলেও এসব বিষয়ে বয়ান করার জন্য নির্দেশনা দেন বলে জানিয়েছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি অত্যন্ত সফলভাবে মোকাবেলা করছে। বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশের সাফল্য অনেক বেশি। তিনি জনগণকে টিকা নেয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য ইমামদের প্রতি আহবান জানিয়ে বলেন, বাংলাদেশে অত্যন্ত উন্নত মানের টিকা দেয়া হচ্ছে। আমরা যারা টিকা নিয়েছি, কারোই কোন সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। কাজেই সবাই নির্ভয়ে টিকা নিতে পারেন। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবেজ আহমেদ জানিয়েছেন, সরকার এ পর্যন্ত ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে এক লাখ ৫১ হাজার ৪৯৪ জন ইমামকে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, কৃষি ও বনায়ন, মৎস্য চাষ ও প্রাণীসম্পদ পালনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর ও জলাভূমি বেষ্টিত উপজেলাসমূহের মসজিদের ইমাম ও এলাকার ধর্মীয় ব্যক্তিত্বসহ মোট ২৫ হাজার ৮৭০ জনকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জীববৈচিত্র সংরক্ষণ, বন্যা পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা, বনায়ন, পশুপালন, হাঁসমুরগি পালন, কৃষি ও মৎস্য প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।