কিশোরগঞ্জের হাওর এলাকাকে বলা হয়ে থাকে এক ফসলি এলাকা। হাওর এলাকার ফসলি মাঠ বছরে অন্তত ৬ মাস পানিতে নিমজ্জিত থাকে বলে কেবল খাদ্যশস্য হিসেবে বোরো ধানের কথা চিন্তা করেই মূলত কথাটি বলা হয়ে থাকে। তবে এর বাইরে অন্যান্য আরো বেশ কিছু ফসল এখানে আবাদ হয়ে থাকে। কয়েক বছর ধরে ধানের পরেই উৎপাদনে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে ভুট্টা চাষ। এছাড়া সরিষা, গম, শাকসবজি, গোল আলু এবং মিষ্টি আলুও আবাদ হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের রবি মৌসুমে জেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ হাজার ৫৫০ হেক্টর জমিতে। কিন্তু লক্ষ্যমাত্রা অতিক্রম করে আবাদ হয়েছে ৭ হাজার ৬৫০ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে ফলন ধরা হয়েছে এক দশমিক দুই মেট্রিক টন। হাওরের বিভিন্ন উপজেলাতেও সরিষার আবাদ হয়ে থাকে। সবচেয়ে বেশি আবাদ হয় নিকলী উপজেলায়। তবে অন্যান্য হাওর উপজেলায়ও আবাদ হয়ে থাকে। ইটনার হাওরের বড়িবাড়ি এলাকায় ধনু নদীর তীরেও সরিষার মাঠ দেখা গেছে। এখন অধিকাংশ জমির সরিষা গাছেই ফল এসে গেছে। কয়েকদিনের মধ্যেই আহরণ করা সম্ভব হবে বলে কৃষকরা জানিয়েছেন। জমিতে উৎপাদিত সরিষার একটি অংশ ঘানিতে ভেঙে তেল আহরণ করা হয়। বাদবাকি সরিষা বিক্রি করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। এছাড়া সরিষার গাছ জ্বালানি হিসেবেও কাজে লাগে।