• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে ৩০৫ জন কোয়ারেন্টাইনে আছেন

কিশোরগঞ্জে ৩০৫ জন
কোয়ারেন্টাইনে আছেন

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় ২১ মার্চ শনিবার ৩০৫ জন প্রবাসী কোয়ারেন্টাইনে ছিলেন। এর মধ্যে ২৭৮ জন হোম কোয়ারেন্টাইনে, আর ২৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। এছাড়া আইসোলেশনে ছিলেন একজন। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল কালেক্টরেট সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ, বিভন্ন সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরী সভায় সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন আইসোলেশনে থাকলেও তার শরীরে এখনো করোনা পজিটিভ ধরা পড়েনি। ভৈরব উপজেলা চেয়ারম্যান সায়েদুল্লাহ মিয়া জানিয়েছেন, ভৈরবে এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে মোট ১৬০ জন ব্যক্তি এসেছেন। এদের মধ্যে ইতালি থেকে ৫৭ জন, আর সৌদি আরব থেকে এসেছেন ৫১ জন। বাকিরা অন্যান্য দেশ থেকে এসেছেন।
জেলা প্রশাসক জানিয়েছেন, ১৯ মার্চ মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মধ্যে একটি ভিডিও কনফারেন্সে নির্দেশনা দেয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার সভা-সমাবেশ, নাটক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, ওয়াজ, দোয়া মাহফিল, ওরশ, কীর্তণ, অষ্টমী স্নান, যাত্রা ও মেলাসহ কোন ধরনের গণজমায়েত করা যাবে না। সকল হাফিজিয়া মাদ্রাসা ও কওমি মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কমিউনিটি সেন্টার, কোচিং সেন্টার, সিনেমা হল ও পার্কগুলো বন্ধ করতে হবে। কমিউনিটি সেন্টারে বিয়ে বা অন্যান্য অনুষ্ঠান করা যাবে না। বিদেশ ফেরত ব্যক্তিদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই নির্দেশনা জেলা-উপজেলা পর্যায়েও বাস্তবায়ন করা হবে। সভায় আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণের প্রতি আহবান জানানো হয়েছে। এছাড়া অহেতুক বেশি পরিমাণে নিত্যপণ্য না কেনার জন্যও সভা থেকে আহবান জানানো হয়েছে। পণ্যের যথেষ্ট সরবরাহ রয়েছে। কোন সঙ্কট হবে না। কেউ কৃত্রিম সঙ্কট তৈরি করলেও ছাড় দেয়া হবে না বলে সভা থেকে হুশিয়ারি দেয়া হয়। আর খাবার হোটেলে বসে না খেয়ে পারসেল নেয়ার জন্যও পরামর্শ দেয়া হয়েছে। হাটবাজারেও অপ্রয়োজনে ভীড় না বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানিয়েছেন, করোনা মোকাবেলায় ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে কমিটি কাজ করবে, তাতে পুলিশের সদস্যরাও শামিল হবেন। জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান জানিয়েছেন, কোটেশনের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের পিপিই (পার্সনাল প্রটেকশন ইকুইপমেন্ট) সংগ্রহের জন্য জেলা পরিষদ থেকে ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হবে। কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ জানিয়েছেন, এবার ডেঙ্গুর প্রকোপও গতবছরের চেয়ে অনেকগুণ বেড়ে যাবে বলে গবেষকগণ জানিয়েছেন। ফলে এক সপ্তাহের মধ্যে কিশোরগঞ্জ পৌরসভায় ঢাকা সিটি কর্পোরেশন থেকে বিশেষজ্ঞ দল এসে মশার ওষুধ ছিটানোর কাজে সহায়তা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *