কিশোরগঞ্জ শহরে একটি প্রতিষ্ঠান বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করছে। সেবার পাশাপাশি অন্যতম লক্ষ্য ঘরে বসে ডায়াবেটিস পরীক্ষার যন্ত্রটিকে জনপ্রিয় ও বাজারজাতকরণ। আজ ৭ ডিসেম্বর সোমবার দুপুরে শহরের কালিবাড়ি সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে দেখা গেছে, ‘সার্জি ট্রেড ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠানের কর্মিরা চেয়ার-টেবিল নিয়ে বসে বিনামূল্যে মানুষের ডায়াবেটিস পরীক্ষা করছেন। নারী-পুরুষের একটি ছোট লাইন রয়েছে। তারা এক মিনিটের মধ্যেই ব্লাড সুগারের মাত্রা জেনে নিতে পারছেন। একটি ডিজিটাল সিরিঞ্জের মাথায় একটি ছোট্ট এবং সুক্ষ্ম সুঁই বসিয়ে সেটি আঙ্গুলের মাথায় ফুটিয়ে এক বিন্দু রক্ত বের করা হয়। এরপর একটি ডিজিটাল মিটারে একটি সুগারের মাত্রা নির্ধারক স্ট্রিপ লাগিয়ে তাতে রক্তের বিন্দুটি ছোঁয়ালেই রক্তে সুগারের মাত্রা প্রদর্শন করে। তখনই বোঝা যায় একজনের ডায়াবেটিসের মাত্রা।
রক্তের সুগার মাপার পুরো সেটটিকে তারা নাম দিয়েছে ‘কিউল্যাব’। একটি কিউল্যাবের দাম রাখা হচ্ছে ৬৫০ টাকা। তাতে ১০ বার পরীক্ষা করার মত ১০টি নিডল এবং ১০টি স্ট্রিপ দেয়া হয়। পরবর্তীতে কেবল নিডল আর স্ট্রিপ কিনে নিলেই হয়। শহরের হোসেন মেডিক্যাল হল সার্জি ট্রেড ইন্টারন্যাশনালের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে।