মো. আল আমিন টিটু :
ভৈরবে হতদরিদ্রের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিক্রির সময় ওজনে কম দেয়ায় একজনের ডিলারশীপ বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার গজারিয়া ইউনিয়নে হত দরিদ্রদের প্রত্যেককে ওজনে ৫ কেজি করে চাল কম দেওয়ার অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ঘটনাস্থলে পৌছে অভিযোগের সত্যতা পায়। পরে জরুরী এক সভায় ডেকে ডিলারের এমন অপরাধে ইমরান খান নামে একজনের ডিলারশীপ বাতিল করা হয়। অভিযুক্ত ডিলার ইমরান খান গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ উদ্দিন খানের ছেলে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানাগেছে, চলতি মাসের গেল ৫ নভেম্বর থেকে ১২ তারিখ পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নে ৫ হাজার ১শ ১৪ জন হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিক্রির জন্য বরাদ্ধ হয়েছে। ৭টি ইউনিয়নে ১৪ জন ডিলারে মাঝে ১‘শ ৫৩ টন ৪২ কেজি চাল বরাদ্ধ দেয়া হয়। তারা সপ্তাহে ৩ দিন অর্থাৎ সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই চাল বিক্রি করবে। তালিকায় নাম থাকা ব্যক্তিরা পরিবারের জন্য ১০টাকা দরে ৩‘শ টাকার বিনিময়ে মাসে একবার ৩০ কেজি করে চাল কিনতে পারবে। ফলে প্রতিটি ইউনিয়নে ডিলারের মাধ্যমে চাল বিক্রি শুরু হয়। সরকার বছরে ৫ মাস এই চাল ভূর্তুকি দিয়ে হতদরিদ্রদের মাঝে মাত্র ১০ টাকা কেজি বিক্রি করছে।
স্থানীয়দের অভিযোগ, এসব চাল নিয়ে ডিলাররা প্রায়ই চালবাজী করছে। কখনও ওজন কম দেয়া আবার কখনও চাল উত্তোলন না করে কালোবাজারে বিক্রি করে দেয়ার অভিযোগও রয়েছে। তাই ডিলারদের অনিয়ম ও দুর্নীতি বন্ধে প্রসাশনের আরও নজরধারী বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহলের লোকজন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা মুঠোফোনে জানান, উপজেলার গজারিয়া ইউনিয়নে হতদরিদ্রদের প্রত্যককে ওজনে ৫ কেজি করে চাল কম দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌছে অভিযোগের সত্যতা পায়। পরে জরুরী এক সভায় ডেকে ডিলারের এমন অনিয়মের দায়ে ইমরান খান নামে একজনের ডিলারশীপ বাতিল এবং এক হাজার টাকার জরিমানা করা হয়েছে। তাছাড়া এখন থেকে ডিলারদের অনিয়ম ও দুর্নীতি বন্ধে অবশ্যই নজরধারী বাড়ানো হবে। আর এরই অংশ হিসেবে আজকে অভিযুক্ত ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে।