• শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

১৪ বছরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় ভার্সিটি শাটডাউন, পাঠানো হলো উকিল নোটিশ

১৪ বছরেও স্থায়ী ক্যাম্পাস
না হওয়ায় ভার্সিটি শাটডাউন
পাঠানো হলো উকিল নোটিশ

# নিজস্ব প্রতিবেদক :-
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কিশোরগঞ্জ শহরের প্রাইভেট বিশ্ববিদ্যালয় ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। ৯ প্রাক্তন শিক্ষার্থী এই মর্মে উকিল নোটিশও পাঠিয়েছেন। গত রোববার থেকে শিক্ষার্থীরা এই দাবিতে ক্লাশ বর্জন করে আসছিলেন। ১৪ মে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের শাটডাউন ঘোষণা করেছেন।
২০১২ সালের ১৪ মার্চ প্রতিষ্ঠা হয় বিশ্ববিদ্যালয়টি। বর্তমান অস্থায়ী ক্যাম্পাস শহরের নীলগঞ্জ রোডের একটি ভাড়া ভবনে। প্রতিষ্ঠার দুই বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার বিধান থাকলেও দীর্ঘ ১৪ বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকেও এ বিষয়ে একাধিকবার তাগিদও দেওয়া হয়েছে। তবে শহরতলির শোলাকিয়া এলাকায় একটি জায়গা কেনা হলেও সেখানেও ভবন নির্মাণের উদ্যোগ চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে আলোচনায় বসলেও স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে কোন ইতিবাচক সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের শাটডাউন ঘোষণা করেছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অ্যাডভোকেট ওয়ালিউল্লাহ রাব্বানী তৌকি, অ্যাডভোকেট বদরুন্নেসা ভূঞা ও অ্যাডভোকেট তানজিদুর রহমান পিয়াসসহ ৯ জন আইনজীবী অ্যাডভোকেট মো. তাশফিক ইসলাম রাহিনের মাধ্যমে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের নামে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে একটি উকিল নোটিশ পাঠিয়েছেন। রাহিন জানিয়েছেন, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে উপযুক্ত জবাব না দিলে তিনি আদালতে যাবেন।
ভারপ্রাপ্ত রেজিস্টার চৌধুরী খায়রুল ইসলাম নোটিশটি বৃহস্পতিবার পেয়েছেন বলে জানিয়েছেন। তিনি জানান, শোলাকিয়া গাছবাজার এলাকায় এক বছর আগে স্থায়ী ক্যাম্পাসের জন্য দুই একর জায়গা কেনা হয়েছে। সেখানে ভবন নির্মাণের কাজ চলমান আছে। কিন্তু শিক্ষার্থীরা কালক্ষেপন করতে রাজি নন। সেই কারণে আন্দোলনে গেছেন। তবে আগামী রোববার তাদের সাথে শাটডাউনের বিষয়ে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন। আর উকিল নোটিশেরও জবাব দেবেন বলে জানিয়েছেন। ভারপ্রাপ্ত রেজিস্টার জানান, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আইন, ইংরেজি, ব্যবসায় শিক্ষা ও গ্রন্থাগার বিজ্ঞান বিভাগ নিয়ে শিক্ষা কার্যক্রম চলছে। শিক্ষক আছেন ২৬ জন, শিক্ষার্থী আছেন ৬৫০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *