# সাখাওয়াত হোসেন হৃদয় :-
দেশের চামড়া শিল্পের গুণগত মান রক্ষা এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে সঠিকভাবে গবাদি পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ ও পরিবহন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ মে শনিবার রাজশাহীর বেলপুকুরিয়ার মুকুল কমপ্লেক্সের ২য় তলায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) যৌথভাবে এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মাঠ পর্যায়ে চামড়া ছাড়ানো, সংরক্ষণ ও পরিবহণ, পেশাদারিত্ব নিশ্চিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। কর্মশালায় উপস্থিত স্থানীয় মাংস ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী, মসজিদ ও মাদ্রাসার ইমাম, এবং সংশ্লিষ্ট কর্মীদের বৈজ্ঞানিক উপায়ে চামড়া ছাড়ানো, লবণ দিয়ে সংরক্ষণ এবং পরিবহনের সময় চামড়ার ক্ষতি এড়ানোর কৌশলগুলো হাতে-কলমে আলোচনা করা হয়।
রাজশাহী জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএফএলএলএফইএ’র কার্যনিবাহী কমিটির সদস্য ও সারোয়ার লেদার কর্পোরেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শেখ আলী আশরাফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএফএলএলএফইএ’র কার্যনিবাহী কমিটির সদস্য ও সোনালী হাইডসের মালিক ফারসিদুর রহমান সাদ ও বাণিজ্য মন্ত্রণালয়ের এলএসবিপিসি’র সহকারী পরিচালক লিটন চন্দ্র রায়।
অনুষ্ঠানের টেকনিক্যাল অধিবেশন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সহযোগী অধ্যাপক ড. অমল কান্তি দেব।