# সাখাওয়াত হোসেন হৃদয় :-
নির্বাচন অফিসে সেবা নিতে আসা সাধারণ লোকজনকে হয়রানিমুক্ত সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। আজ সোমবার সকালে আকস্মিক পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় পরিদর্শনে এসে তিনি এ নির্দেশনা দেন।
পরিদর্শনকালে তিনি অফিসের সার্বিক কার্যক্রম, সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি এবং চলমান কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় ভোটার তালিকা হালনাগাদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানসহ বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, নির্বাচন অফিসে সেবা নিতে আসা লোকজন প্রায়ই হয়রানি ও ভোগান্তির শিকার হন। এমন অভিযোগ প্রায়ই শুনতে পাই। প্রেক্ষিতে আজ হঠাৎ পরিদর্শনে আসি এবং সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলি। সেবা নিতে আসা লোকজন যেন হয়রানিমুক্ত সেবা পায় এবং সেবার মান আরও বাড়ানো হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহমদ আলী, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক আতিকুর রহমান মাসুদ, এরফান উদ্দিন মাস্টার, এমদাদুল হক মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল আলম ছোটন, যুগ্ম-আহবায়ক আমিনুল হক জজ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।