# নিজস্ব প্রতিবেদক :-
বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তার ও বিভিন্ন বন্দর বিদেশিদের কাছে ইজারা প্রদানের প্রতিবাদে কিশোরগঞ্জে সিপিবি ও উদীচী শিল্পী গোষ্ঠী যৌথভাবে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। গতকাল রোববার বিকালে শহরের স্টেশন রোডে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক রঞ্জিত সরকার, জেলা উদীচীর সভাপতি সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক বাবুল রেজা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, কৃষক নেতা সেলিম উদ্দিন খান, মোস্তফা কামাল নান্দু, বাউল শিল্পী হারিস মোহাম্মদ প্রমুখ।
বক্তাগণ বলেন, একটি মহল নানা অজুহাতে দেশের লোকজ সংস্কৃতি তথা সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর হামলা করছে। এর অংশ হিসেবেই বাউল শিল্পী আবুল সরকারের নামে মানিকগঞ্জের ঘিওর থানায় ধর্ম অবমাননার ভিত্তিহীন মামলা করা হয়েছে। তাঁরা অবিলম্বে আবুল সরকারের মুক্তি দাবি করেছেন।
বক্তাগণ আরও বলেন, দেশের বন্দরগুলি লাভজনক হওয়ার পরও এখন একটি বিশেষ সময়ের সুযোগে বন্দরগুলি বিদেশিদের কাছে ইজারা দিচ্ছে। তাতে আমাদের দেশের ওপর বিদেশিদের কর্তৃত্ব তৈরি হবে, সার্বভৌমত্বের ওপর আঘাত আসবে। এসব ইজারা বাতিল করার জন্য বক্তাগণ দাবি জানিয়েছেন।