• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন |
  • English Version

বাবা বিএনপি নেতার দাপটে বিদ্যালয়ে শিক্ষিকার ঔদ্ধত্য বিএনপি সভাপতির ক্ষোভ এলাকাবাসীর মানববন্ধন

শিক্ষা কর্মকর্তার তদন্তকাজে প্রভাব বিস্তারের প্রতিবাদে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন -পূর্বকণ্ঠ

বাবা বিএনপি নেতার দাপটে
বিদ্যালয়ে শিক্ষিকার ঔদ্ধত্য
বিএনপি সভাপতির ক্ষোভ
এলাকাবাসীর মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে বেথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বাবা বিএনপি নেতা। তাই বিদ্যালয়ে এখন তিনি নিয়মিত না গিয়ে উল্টো দাপট দেখাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষিকা নিয়ম তামিল করতে গিয়ে বিপাকে পড়েছেন বলেও জানা গেছে। প্রধান শিক্ষিকাকে সরাতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযোগ করে তদন্ত করিয়েছেন সহকারী শিক্ষিকা তাহমিনা রহমান উর্মি। তদন্তকালে শিক্ষিকার বাবা কুলিয়ারচরের বিএনপি নেতা মশিউর রহমান দলবল নিয়ে উপস্থিত হয়ে শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদারের ওপর চাপ করেছেন যেন প্রধান শিক্ষিকাকে বদলি করা হয়। না হয় শিক্ষা কর্মকর্তাকেই বদলি করিয়ে ফেলবেন বলে হুমকি দিয়েছেন। এমনই অভিযোগ করেছেন অভিভাবকসহ এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গত ২৩ জুলাই বুধবার। এর প্রতিবাদে পরদিন ২৪ জুলাই বৃহস্পতিবার বিকালে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকগণ এলাকায় মানববন্ধন করেছেন। মানববন্ধন থেকে উল্টো শিক্ষিকা উর্মির বদলি দাবি করা হয়েছে। তদন্তকালে উর্মির বাবা লোকজন নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে যে ঘটনা ঘটিয়েছেন, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলাম।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিক্ষিকা তাহমিনা রহমান উর্মির বাবা কুলিয়ারচর উপজেলা বিএনপির একজন নেতা। উর্মির স্বামী সাইদুর রহমান রুবেল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ছাত্রলীগ নেতা। তিনি কটিয়াদীতে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। তখন উর্মি স্বামীর দাপট দেখাতেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর স্বামীকে বদলি করা হয়েছে নরসিংদীর মনোহরদীতে। এখন শিক্ষিকা উর্মি দাপট দেখাচ্ছেন বিএনপি নেতা বাবা মশিউর রহমানের। উর্মি বিদ্যালয়ে ঠিকমত আসেন না। প্রধান শিক্ষিকা সাদেকা ইয়াসমিনসহ অন্য শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করেন। এর জন্য প্রধান শিক্ষিকা সাদেকা ইয়াসমিন নিয়ম আরোপ করতে গিয়েই পড়েছেন তোপের মুখে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রধান শিক্ষিকার নামে উর্মি ২৬ জুন অভিযোগ দিয়েছেন যে, প্রধান শিক্ষিকা দুর্নীতিবাজ, ঠিকমত বিদ্যালয়ে যান না, সময়ের আগেই ছুটি দিয়ে দেন ইত্যাদি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলমের নির্দেশে গত বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার বিদ্যালয়ে তদন্তে গিয়েছিলেন। এদিকে শিক্ষিকা উর্মি তার বাবাকে আগেই খবর দিয়ে রেখেছিলেন। বাবা মশিউর রহমান দলবল নিয়ে বিদ্যালয়ে হাজির হয়ে শিক্ষা কর্মকর্তার সাথে চরম দুর্ব্যবহার করেন এবং ক্রমাগত চাপ দিতে থাকেন যেন প্রধান শিক্ষিকাকে অন্যত্র বদলি করা হয়। অন্যথায় শিক্ষা কর্মকর্তাকেই বদলি করিয়ে দেবেন।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকগণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। এসময় হাফেজ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বক্তৃতা করেন বাচ্চু মিয়া, রওশন আরা বেগম, জামিলা আক্তার, পারভিন আক্তার, তাকবির হোসেন, ফাইজা, নুসরাত, মিতালি, শ্রাবন্তী প্রমুখ। বক্তাগণ বলেছেন, প্রধান শিক্ষিকা সাদেকা ইয়াসমিনের পরিবার বিদ্যালয়ের পুরো জমি দান করেছেন। বিদ্যালয়ের জন্য তাদের অনেক অবদান আছে। এছাড়া প্রধান শিক্ষিকা খুবই নিয়মনিষ্ঠ ও কর্তব্যপরায়ণ। বরং সহকারী শিক্ষিকা উর্মি বিদ্যালয়ে অনিয়মিত। তিনি আগে স্বামীর দাপট দেখাতেন। এখন বাবার দাপট দেখান। প্রধান শিক্ষিকাসহ অন্য শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করেন। বক্তাগণ শিক্ষিকা উর্মিকে এই বিদ্যালয় থেকে বদলির দাবি জানিয়েছেন।
প্রধান শিক্ষিকা সাদেকা ইয়াসমিন জানিয়েছেন, তিনি কখনই বিদ্যালয়ে অনিয়ম করেন না। শিক্ষিকা উর্মি তিনিসহ অন্য শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করেন। সময়মত বিদ্যালয়ে আসেন না। তিনি বিদ্যালয়ের সামগ্রিক স্বার্থেই নিয়মকানুন আরোপ করেন বলে জানিয়েছেন। কিন্তু সহকারী শিক্ষিকা উর্মির অনিয়মের বিষয়ে কথা বলার কারণে তাঁর নামে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে বানোয়াট অভিযোগ করেছেন।
তদন্তকালে উর্মির বাবা মোটরসাইকেল নিয়ে অন্তত ৫০-৬০ জন লোকসহ বিদ্যালয়ে গিয়ে হুমকি ধামকি দিয়েছেন বলে প্রধান শিক্ষিকা জানিয়েছেন।
এদিকে সহকারী শিক্ষিকা তাহমিনা রহমান উর্মি জানান, তিনি এই বিদ্যালয়ে যোগদান করেছেন ২০১৩ সালে। এর পর থেকেই তিনি দেখছেন, প্রধান শিক্ষিকা সাদেকা ইয়াসমিন আর্থিক দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করছেন। তিনি বিভিন্ন সময় এর প্রতিবাদ করেছেন। যে কারণে প্রধান শিক্ষিকা তার ওপর ক্ষিপ্ত ছিলেন। এই কারণেই তিনি জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। তবে তদন্তকালে তার বাবা এখানে আসেননি বলে তিনি জানিয়েছেন। মিথ্যা অভিযোগে তার বিরুদ্ধে মানববন্ধন করানো হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। তার বাবার সাথে কথা বলার জন্য মোবাইল ফোন নম্বর চাইলেও তিনি দেননি। যে কারণে তার বাবা মশিউর রহমানের সাথে কথা বলা সম্ভব হয়নি।
তবে মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলাম ক্ষোভের সাথে বলেছেন, ‘একটি স্কুলে সাধারণ মানুষেরই যাওয়ার কথা নয়। অথচ কুলিয়ারচর ও কটিয়াদী থেকে বিএনপির কিছু লোকজন গিয়ে চাপ প্রয়োগ করেছেন। এটা ঠিক হয়নি। আমি এর তীব্র নিন্দা জানাই।’
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার জানান, তদন্তকালে কেউ তাঁর ওপর চাপ প্রয়োগ করেননি। তিনি বুধবার ও বৃহস্পতিবার দু’দিনে তদন্ত সম্পন্ন করেছেন জানিয়ে বলেন, তদন্তে যা পেয়েছেন সেভাবেই জেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেবেন। তিনি মানববন্ধনের কোন খবর শোনেননি বলেও জানিয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলম সহকারী শিক্ষিকা তাহমিনা রহমান উর্মির লিখিত অভিযোগের কথা স্বীকার করে বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তিনি তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন। তবে তদন্তকালে শিক্ষিকা উর্মির বাবার চাপ প্রয়োগ বা এলাকাবাসীর মনববন্ধনের বিষয়ে তাঁকে কেউ অবহিত করেনি বলেও জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মজিব আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *