# মিলাদ হোসেন অপু :-
ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কিশোরগঞ্জের ভৈরবে শ্যামল ছায়া পরিবহনের একটি বাসের ধাক্কায় জুয়েল মিয়া (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক ও মিশুক চালক কাইয়ুম মিয়া (২৯) নামে ২ ব্যক্তি নিহত হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাচর কান্দা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বাসচালক পলাতক রয়েছে। নিহত জুয়েল মিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকার মৃত জালাল মিয়ার ছেলে ও মিশুক চালক কাইয়ুম মিয়া শম্ভুপুর শান্তিপাড়া এলাকার হোসেন আলী মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার এসআই রোকুনুজ্জামান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী শ্যামল ছায়া যাত্রীবাহী বাস উপজেলার পানাউল্লারচ বাজার এলাকায় পৌঁছলে অপরদিকে বাঁশগাড়ী থেকে আসা একটি ব্যাটারি চালিত মিশুককে সামনের দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলে জুয়েল মিয়া নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এছাড়াও মিশুকের চালকসহ আরো ২ জন নির্মাণ শ্রমিক গুরুত্বর আহত হয়। আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহত মিশুক চালক কাইয়ুম মিয়াকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। গুরুত্বর আহত কাইয়ুম মিয়াকে ঢাকা নেয়ার পথিমধ্যে মৃত্যুবরণ করে।
নিহত নির্মাণ শ্রমিক আত্মীয় অজয় মিয়া জানান, জুয়েল মিয়া সকালে শিবপুর হিন্দুহাটি এলাকায় বিল্ডিং নির্মাণ কাজের জন্য বের হয়। পরিবারে তার ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তিনি শম্ভুপুর শান্তিপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। সকাল ৯টার দিকে শুনতে পান জুয়েল মিয়া সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে শিবপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য উসমান মিয়া বলেন, নিহত মিশুক চালক কাইয়ুমের মা বাড়ি কিনে শম্ভুপুর এলাকায় বসবাস করছেন। তার পৈত্রিক বাড়ি ভৈরবপুর উত্তর পাড়া। কাইয়ুমের মৃত্যুর বিষয়টি আমাদের মোবাইল ফোনে জানানো হয়েছে।
এ বিষয়ে হাইওয়ে থানার এসআই রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করি। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ সময় বাসের কাউকে পাওয়া যায়নি। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।