• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর..

পাকুন্দিয়ায় যৌতুকের টাকা না পাওয়ায় স্ত্রীকে তালাক দিলেন এনসিপি নেতা

# নিজস্ব প্রতিবেদক :-
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী রাজিন সালেহ’র বিরুদ্ধে। এমনকি তাঁর আড়াই বছরের শিশু কন্যাকে স্ত্রীর কাছ থেকে জোর করে নিজের কাছে নিয়ে গেছেন বলেও অভিযোগ রয়েছে।
১০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পাকুন্দিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন উপজেলার চরটেকী গ্রামের তাজউদ্দিনের মেয়ে ভুক্তভোগী নারী সুমাইয়া আক্তার হাসি। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মা হোসনা বেগম।
অভিযুক্ত এনসিপি নেতা রাজিন সালেহ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে এবং এনসিপির পাকুন্দিয়া উপজেলার সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুমাইয়া আক্তার বলেন, গত ৫ বছর আগে এনসিপি নেতা রাজিন সালেহের সঙ্গে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। কিছুদিন যেতে না যেতেই আমার স্বামী যৌতুকের জন্য আমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এছাড়াও আমার পরিবারের সাথে অবজ্ঞাসূচক আচরণ করতে থাকেন এমনকি আমাকে মারধর করে প্রায়ই আমার বাবার বাড়ি পাঠিয়ে দিত। আমাদের সংসারে আড়াই বছরের একটি কন্যা সন্তান থাকায় আমি আমার মেয়ের দিকে চেয়ে অত্যাচার নির্যাতন সহ্য করে সংসার করে আসছি।
তিনি বলেন, গত দেড়বছর আগে রাজিন সালেহ পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার দিঘীরপাড় আলীয়া মাদ্রাসায় কম্পিউটার অপারেটর পদে চাকরি নেন। এতে ১৩ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে। এসময় আমি ৪ ভরি স্বর্ণালংকার বিক্রি করে তাকে টাকা দিয়েছি। এর কয়েকদিন পরই আবার আমার ওপর নতুন করে নির্যাতন শুরু করে। এক পর্যায়ে আমাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। আমি বাধ্য হয়ে বাবার বাড়ি চলে আসি।
তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর সে এনসিপি নেতা হয়ে আমার ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় এবং আমাকে তালাক দেয়ার হুমকী দেয়। এর প্রেক্ষিতে আমি গত ৩০ জুন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দেই। অভিযোগের পর এনসিপির কেন্দ্রীয় নেতা সানী আহম্মেদ আমাকে মুঠোফোনে অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ দেন এবং এ বিষয়ে মিমাংসা করে দিবে বলেও আশ্বাস দেন। এতে আমি উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগ স্থগিত রাখার জন্য বলি। কিন্তু বেশ কিছুদিন পার হয়ে গেলেও সমাধানের কোন উদ্যোগ তিনি গ্রহন করেননি।
গত ৫ জুলাই আমার স্বামী তাঁর ভাগ্নেকে সঙ্গে নিয়ে আমার বাবার বাড়িতে আসে এবং আমার শিশু কন্যাকে বিকেলে ফেরত দিয়ে যাবে বলে আমার কোল থেকে নিয়ে যায়। অদ্যবদি পর্যন্ত আমার মেয়েকে আর ফেরত দেয় নাই। ৯ জুলাই বুধবার লোকমুখে জানতে পাই গত ২৭ জুন নাকি আমাকে আদালতের মাধ্যমে তালাক দিয়েছে। অথচ এ বিষয়ে আমি কোন অবগত নই।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির পাকুন্দিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী রাজিন সালেহ বলেন, “আমি রাষ্ট্রীয় বিধিমোতাবেক তাকে তালাক দিয়েছি এবং কাবিনের সম্পূর্ণ অর্থ পরিশোধ করেছি। তালাকের কাগজপত্র পাঠানো হলেও তিনি তা গ্রহণ করেননি। আমাদের আড়াই বছর বয়সী একটি কন্যা শিশু রয়েছে, যাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। শিশুটির নিরাপত্তার কথা চিন্তা করে আপাতত আমি তাকে আমার কাছে রেখেছি। তবে কোর্টের মাধ্যমে আইনানুগভাবে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করব, যেন বাচ্চাটির কোনো ধরনের ক্ষতি না হয়।”
তিনি আরও বলেন, “আমি মনে করি, পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে আমার রাজনৈতিক দলের নাম টেনে এনে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। একটি মহল পরিকল্পিতভাবে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার হীন প্রচেষ্টা চালাচ্ছে। আমি তাদের উদ্দেশে বলতে চাই, ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডকে দলের সঙ্গে জড়িয়ে দেখা অনুচিত। এ ধরনের হীন মানসিকতা পরিহার করে আইনগত প্রক্রিয়ায় সমস্যার সমাধানে সহযোগিতা করাই উচিত।”
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। যেহেতু তাদের একটি কন্যা শিশু আছে তার ভবিষ্যতের কথা চিন্তা করে বিষয়টি দ্রুত সমাধান হোক। আর আমরা ইতোমধ্যে, বিষয়টি তদন্ত করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *