# নিজস্ব প্রতিবেদক :-
ফুটবল খেলতে গিয়ে আহত হওয়ার তিনদিন পর ফুটবল খেলোয়াড় কিরণ মিয়া (১৯) হাসপাতালে মারা গেছেন। কিরণ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের পশ্চিত কুতুবপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
কিরণের প্রতিবেশি ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বায়তুল মিয়া ও কিরণের বাবা বিল্লাল হোসেন জানিয়েছেন, এলাকার যুবকরা দু’টি টিম করে গত ৪ জুলাই শুক্রবার এলাকার মাঠে ফুটবল খেলার আয়োজন করেছিলেন। খেলার এক পর্যায়ে কিরণ বল নিয়ে গোল দিতে গেলে প্রতিপক্ষের গোলকিপারের সাথে ধাক্কা খেলে মাথায় গুরুতর আঘাত পান। তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করলে সেখানেই ৭ জুলাই সোমবার দুপুরে মারা যান। তার মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ৮ জুলাই মঙ্গলবার সকালে এলাকার ওই খেলার মাঠেই জানাজা শেষে গ্রামের গোরস্থানে কিরণকে দাফন করা হয়েছে।