# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে বাজিতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের ৫ বছর পর প্রকাশ্য সম্মেলন হবার কথা ছিল গত শনিবার। বর্তমান কমিটির আহবায়ক ও সদস্য সচিব নিজেদের পক্ষে কাউন্সিলর ও ডেলিগেট তৈরি করেছেন মর্মে একাংশের আন্দোলনের মুখে জেলা বিএনপি আগের দিন সম্মেলন স্থগিত করেছে। কিন্তু বর্তমান উপজেলা কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল শনিবার দলীয় এক সমাবেশে জোর দিয়ে বলেছেন, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সম্মেলন হবে। তবে দলের অপর পক্ষের নেতা বাজিতপুর পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র এহসান কুফিয়া এ ধরনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন।
শনিবার সকালে উপজেলার ভাগলপুর নাজিম ভূঁইয়ার মাঠে সম্মেলন হবার কথা ছিল। বাজিতপুর পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র এহসান কুফিয়া, সাবেক উপজেলা কমিটির সহ-সভাপতি কাইয়ুম খান হেলালসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতা ২ জুলাই বুধবার বাজিতপুর সদরের বাঁশ মহালে সমাবেশ করে কাফনের কাপড় পরে সম্মেলন প্রতিহত করার কর্মসূচী ঘোষণা করেছিলেন। তাদের দাবি, ইউনিয়ন পর্যায়ে বর্তমান আহবায়ক মুজিবুর রহমান ইকবাল ও সদস্য সচিব মনিরুজ্জামান মনির তাদের পক্ষের অধিকাংশ কাউন্সিলর ও ডেলিগেট মনোনীত করেছেন। কাজেই সম্মেলন সুষ্ঠু হবে না। তারা সম্মেলন প্রতিহত করার ঘোষনা দেন। এমন পরিস্থিতিতে সম্ভাব্য হানাহানি এড়াতেই কেন্দ্রের নির্দেশে জেলা কমিটি উপজেলা সম্মেলন স্থগিত করেছিল।
এদিকে উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল শনিবার সন্ধ্যায় বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ মাঠে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে দলের এক সমাবেশে সভাপতি হিসেবে বক্তৃতা করেছেন। তাঁর বক্তৃতার ভিডিও বেশ ভাইরাল হয়েছে। প্রথমেই তিনি জিজ্ঞাসা করেন, কাউন্সিলর ডেলিগেটরা কেমন আছেন? সবাই উত্তর দেন, ভাল আছি। এরপর ইকবাল বলেন, আমি ভাল নেই। এরপরই তিনি বক্তৃতায় বলেন, আজকে (শনিবার) সম্মেলন হবার কথা ছিল। কিছু সংখ্যক নেতা, যারা বাজিতপুরে বিগত আন্দোলন-সংগ্রামে প্রথম সারির নেতা দাবি করেন, তারা কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়ে আবেদন করেছেন, ইউনিয়নের কাউন্সিলর ডেলিগেটদের তালিকা তারা তিন দিন আগে হাতে পেয়েছেন। তিন দিনের ভেতর কিভাবে প্রতিটি ইউনিয়নে গিয়ে সমর্থন চাইবেন। সেই পরিপ্রেক্ষিতে সময় দেওয়া হোক। মুজিবুর রহমান ইকবাল সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, তিনদিন আগে তারা বাজিতপুরের বাঁশমহালে জনসভা করে আমাদের নেতৃবৃন্দকে কী ধরনের ভাষায় কলুষিত করেছেন। তিনি বলেন, ‘নেতৃবৃন্দের নির্দেশমত আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে একই স্থানে সম্মেলন হবে ইনশাআল্লাহ। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সম্মেলন হবে হবে হবে ইনশাআল্লাহ।’
ইকবাল আরও বলেন, সরকারের কাছে একটি দাবি, অতি সত্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও রোডম্যাপ বা নির্বাচনের তারিখ ঘোষণা করেনি। ফলে ইকবাল নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। তিনি বলেন, ‘সারা দেশে বিএনপির জাতীয়তাবাদী শক্তি এক হয়ে কাজ করবে। তাল্টিবাল্টি কথা বলে লাভ নাই।’ ইকবাল বলেন, দেশের বিভিন্ন জায়গায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করে সকল দায়ভার বিএনপির ওপর বর্তাচ্ছে। অশুভ শক্তি অশুভ কার্যকলাপ করে সমস্ত দায়ভার বিএনপির ওপর দিয়ে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের মানুষ বোঝে। এই ষড়যন্ত্র করে বিএনপিকে ঠেকানো যাবে না।
মুজিবুর রহমান ইকবাল বলেন, বিগত ১৭ বছর আমরা রাজপথে আন্দোলন করেছি। আন্দোলন-সংগ্রামে একটি দাবি আমাদের, অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। যারা নির্বাচিত হবেন, তারাই দেশ পরিচালনা করবেন। ৯০ দিনের মধ্যে নির্বাচন হবার কথা। আজকে ১০ মাস পার হয়ে গেছে। পর পর তিনটি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করেছে। এই সরকার এসে ১০ মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে। এই কারণে তাদের প্রতি আমাদের সন্দেহ। তাই অতি সত্বর স্বচ্ছ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে এই জনসভা। অতি সত্বর যদি নির্বাচনের তারিখ ঘোষণা না করা হয়, তাহলে এই বাজিতপুর থেকেই শুরু হবে আন্দোলনের প্রথম ধাপ। সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির ছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোস্তফা আমিনুল হক ও আবুল ফজল হোসেনসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেছেন।
সম্মেলন নিয়ে কথা বলার জন্য বাজিতপুর উপজেলা বিএনপির আহবায়ক মুজিবুর রহমান ইকবালের মোবাইলে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়া যায়। তবে বাজিতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির জানিয়েছেন, কেন্দ্র থেকে একটি ধারণা পেয়েই মুজিবুর রহমান ইকবাল ৭ থেকে ১০ দিনের মধ্যে সম্মেলন হবে বলে ঘোষণা দিয়েছেন।
এদিকে সম্মেলনের বিরোধিতাকারীদের অন্যতম বাজিতপুর পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র এহসান কুফিয়া বলেন, ‘আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সম্মেলন হবে, এমন কোন বার্তা জেলা বা কেন্দ্র থেকে দেওয়া হয়নি। তবে আগামী ৮ জুলাই কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবি উন-নবী খান সোহেল উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসবেন। তখন কোন একটি সমাধান আসবে বলে আশা করছি।’
অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘সুনির্দিষ্ট কোন তারিখ বলা না হলেও আমরা দুই পক্ষকে নিয়ে বসে অচিরেই সম্মেলন করার চেষ্টা করবো’।