# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের সাম্প্রতিক একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে বিবৃতি দিয়েছেন কিশোরগঞ্জের ছাত্রদলের নেত্রী নূসরাত জাহান। জেলা শহরের সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নূসরাত জাহান ৭ জুলাই সোমবার তাঁর ফেসবুকে ‘ফজলুর রহমানের বক্তব্য ছাত্রদলের চেতনার পরিপন্থী। প্রতিবাদ জানাচ্ছি’ শিরোনামে বিবৃতিটি দিয়েছেন।
বিবৃতিতে নূসরাত লিখেছেন, ‘সম্প্রতি বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা ফজলুর রহমান বলেছেন, হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না। এই বক্তব্য আমাদের কাছে বিভ্রান্তিকর এবং ইতিহাস ও বাস্তবতার পরিপন্থী মনে হয়েছে। যে আওয়ামী লীগ ১/১১ থেকে শুরু করে গণতন্ত্র হত্যার সমস্ত অপকর্মের নেতৃত্বে ছিল, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে একযোগে রাজনৈতিকভাবে নিঃশেষ করতে চেয়েছে। তাদের দায়ভার কেবল একজন ব্যক্তির ঘারে চাপিয়ে দেওয়া রাজনৈতিক অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
আমি কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে, এই ধরনের বক্তব্যকে ঘোরতর প্রত্যাখ্যান করছি। এই বক্তব্য বিএনপির লক্ষ লক্ষ কর্মী-সমর্থকদের অনুভূতির প্রতি অসম্মান। আমরা ব্যক্তি নয়, কিন্তু বক্তব্যের অপসংস্কৃতি ও আদর্শচ্যুতি প্রতিরোধে সচেতন। আমরা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের ছাত্রশক্তি হিসেবে মাঠে ছিলাম, আছি, থাকব।’ বিবৃতির নিচে নূসরাত জাহান তার সাংগঠনিক পরিচয়ও উল্লেখ করেছেন।
উল্লেখ্য, গত বুধবার জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত গণফোরাম নেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর স্মরণ সভায় বক্তৃতা করতে গিয়ে ফজলুর রহমান উপরোক্ত মন্তব্য করেছিলেন। সেখানে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের সমালোচনাসহ আরও কিছু কথা বলেছিলেন। নূসরাত জাহানের বিবৃতির প্রতিক্রিয়া জানার জন্য ফজলুর রহমানকে ফোন করলে তিনি বলেন, ‘সমালোচনা করার ওর রাইট আছে। ওর কথা ও বলুক। আমি তো হাসিনার পক্ষে কোন কথা বলি নাই।’ এ কথা বলেই ফজলুর রহমান সংযোগটি কেটে দেন। অন্যদিকে, বিবৃতির বিষয়ে নূসরাত জাহানের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।