# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবর্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জেলা কমিটির সভাপতি মো. শরীফুল আলম বলেছেন, ‘ড. ইউনূস জাপানে গিয়ে বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, কেবলমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। অথচ দেশে ৩২টির মত নিবন্ধিত রাজনৈতিক দল আছে। আরও ৫০টির মত দল আছে। দু’একটি দল ছাড়া ৯০ ভাগ দলই ডিসেম্বরে নির্বাচন চায়। সরকার ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচনের কথা বলে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করছে। সংস্কার আর বিচারের নামে নির্বাচন বিলম্বিত করার পায়তারা হচ্ছে। এতে অন্য কেউ লাভবান হবে। এভাবে সরকার পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করছে। অথচ সংস্কার আর বিচার কাজ দৃশ্যমান হচ্ছে না। ক্ষমতায় গিয়ে বিএনপি সংস্কার ও বিচার কাজ অব্যাহত রাখবে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। গত পরশু ঢাকার নয়া পল্টনের সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে ডিসেম্বরে নির্বাচন দাবি করে বলেছেন, তাহলে সকল দল ও জনগণ সরকারকে সহযোগিতা করবে।’ শরীফুল আলম বলেছেন, নামমাত্র একটি সংগঠন সরকারকে নিয়ন্ত্রণ করতে চায়। জনগণ তা মেনে নেবে না।
কিশোরগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে ৩০ মে শুক্রবার সকালে শহরের ইসলামিয়া সুপার মার্কেট প্রাঙ্গনে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দোয়া, আলোচনা ও গণভোজের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে মো. শরীফুল আলম ছাড়াও বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
মো. শরীফুল আলম আরও বলেছেন, স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তাঁকে কুচক্রি মহল নির্মমভাবে হত্যা করেছে। বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বিগত স্বৈরাচারী সরকার বের করে দিয়েছে। গত ১৫ বছর বিএনপির ওপর অনেক জুলুম নির্যাতন হয়েছে। মামলা, গুম-খুনের মত ঘটনা ঘটেছে। তবে জিয়াউর রহমান এখনও দেশবাসীর হৃদয়ে আছেন। আলোচনা শেষে দরিদ্রসহ বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে খিচুরি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসলাইল মিয়াসহ বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।