# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরে ১৮ মে রোববার দুপুরে বিএনপি ও বিভিন্ন সহযোগি সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. কামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের তৎপরতার বিরুদ্ধে এবং অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের দাবিতে ব্যানার নিয়ে মিছিলটি হয়েছে। মিছিল থেকে শ্লোগান দেওয়া হয়েছে, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর। একটা একটা জামাত ধর, ধইরা ধইরা জবাই কর। একটা একটা এনসিপি ধর, ধইরা ধইরা জবাই কর।’ তবে এ ধরনের শ্লোগানে জামায়াত ও এনসিপির পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
এ ব্যাপারে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী বলেছেন, আমরা এ ধরনের শ্লোগানের তীব্র নিন্দা জানাই। আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছি। ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। আন্দোলনকরী শক্তিগুলোর মধ্যে এখন ঐক্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে। নিজেদের মধ্যে বিভাজন তৈরি করা বা এ ধরনের উগ্র শ্লোগান দেওয়া কোন মতেই কাম্য নয়। তবে পাকুন্দিয়ার বিএনপির নেতৃবৃন্দ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দের কাছে এ ধরনের শ্লোগানের জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে জেলা জামায়াতের আমীর রমজান আলী জানিয়েছেন।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র ঐক্যের আহবায়ক ইকরাম হোসেন তাঁর ফেসবুকে বিক্ষোভ মিছিলের ভিডিও শেয়ার করেছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম স্টেকহোল্ডার এনসিপি এবং জামায়াতের বিরুদ্ধে এরকম আক্রমণাত্মক শ্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, পারস্পরিক রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালনকারী একদল অন্য দলের বিরুদ্ধে এমন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত শ্লোগান দিবে, তা কোনভাবেই কাম্য নয়। এই ধরনের শ্লোগান যারা দেয়, তারা কখনও একটি দলের শুভাকাক্সক্ষী হতে পারে না। এ সমস্ত উগ্র শ্লোগান যারা দিয়েছেন, তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য দায়িত্বশীল নেতৃত্বের প্রতি আহবান জানিয়েছেন ইকরাম হোসেন।
এ বিষয়ে কথা বলার জন্য পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. কামাল উদ্দিনকে একাধিকবর ফোন করলেও তিনি রিসিভ করেননি।
তবে উপজেলা বিএনপির আহবায়ক জেলা জজ আদালতের পিপি মো. জালাল উদ্দিন বলেছেন, এটা উপজেলা বিএনপির কোন ঘোষিত মিছিল ছিল না। কেন্দ্রীয় কোন কর্মসূচীও ছিল না। আমি নিজেও ওই মিছিলে ছিলাম না। যারা এ ধরনের শ্লোগান দিয়েছেন, এর দায়দায়িত্ব তাদের। এ ধরনের শ্লোগান বিএনপি সমর্থন করে না, দলের এরকম কোন নির্দেশনাও নেই। তবে ভবিষ্যতে যেন এ ধরনের শ্লোগান না হয়, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।